জুবায়ের হত্যা মামলার চার আসামি কারাগারে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার চার আসামিকে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে।আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র নাজমুল হুসেইন, দর্শন বিভাগের ছাত্র কামরুজ্জামান, ইতিহাসের বিভাগের মাজহারুল ইসলাম ও মো. মাহমুদুল হাসান। এ চারজনই অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁরা এত দিন পলাতক ছিলেন।আজ ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখের আদালতে ওই চার আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত প্রত্যেকের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ৮ জানুয়ারি ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হন এই সংগঠনেরই সাবেক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরের দিন চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।এ ঘটনায় সাভার থানায় একটি মামলা করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মীর শাহীন শাহ পারভেজ গত ৫ মার্চ মামলায় বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ১৫ এপ্রিল আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক নয়জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়, তাঁরা হলেন রাশেদুল ইসলাম (দর্শন বিভাগ), খান মোহাম্মদ রইছ (প্রাণিবিদ্যা বিভাগ), ইসতিয়াক মেহবুব অরূপ (দর্শন বিভাগ), মাজহারুল ইসলাম (ইতিহাস বিভাগ), কামরুজ্জামান সোহাগ (দর্শন বিভাগ), নাজমুল হুসেইন (লোকপ্রশাসন বিভাগ), শফিউল আলম (পরিসংখ্যান বিভাগ), অভিনন্দন কুণ্ডু (পরিসংখ্যান বিভাগ), মো. মাহমুদুল হাসান (ইতিহাস বিভাগ)।এই আসামিদের মধ্যে নাজমুল হুসেইন, কামরুজ্জামান, মাজহারুল ইসলাম ও মো. মাহমুদুল হাসান আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত প্রত্যেকের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অভিযোগপত্রভুক্ত ১৩ আসামির মধ্যে খন্দকার আশিক (প্রাণীবিদ্যা), জাহিদ হাসান (প্রাণীবিদ্যা), মাহবুব আকরাম (সরকার ও রাজনীতি) ও নাজমুস সাকিম (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান) কারাগারে আছেন।