জুবায়েরের দাফন সম্পন্ন, হত্যাকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জুবায়ের আহমেদের বাবা তোফায়েল আহমেদ প্রতিবাদ সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তানকে কেন লাশ হয়ে ফিরতে হলো, কেন তাঁকে হত্যা করা হলো আমি এর সুস্পষ্ট জবাব চাই।’ তিনি আরও বলেন, ‘একটার পর একটা ঘটনায় মা-বাবার কোল খালি হয়ে যাচ্ছে, শিক্ষাঙ্গনে শুধু লাশ পড়ছে। কবে এই অরাজকতা বন্ধ হবে, আমি তা-ও জানতে চাই।’সকালে জুবায়ের আহমেদের (২১) গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১০টায় দ্বিতীয় দফা জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে আটটায় প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয় পৌর শহরের নাচনাপাড়া এলাকার মদিনাবাগ জামে মসজিদে।গতকাল সোমবার রাত ১২টার দিকে জুবায়ের আহমেদের লাশ ঢাকা থেকে তাঁদের বাড়িতে যায়। এ সময় তাঁর সহপাঠী, শিক্ষক, স্বজনেরা আর্তনাদ করেন। জুবায়ের আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। গত রোববার তাঁর লিখিত পরীক্ষা শেষ হয়। পরীক্ষার হল থেকে বের হয়ে নিজ হলে ফেরার পথে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার একটি গ্রুপ তাঁকে অপহরণ করে বিজ্ঞান ভবনে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁর ওপর শারীরিক নির্যাতন করা হয়। তাঁকে কুপিয়ে জখম করে ও হাত-পা ভেঙে দেওয়া হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি গতকাল সোমবার সকাল ছয়টার দিকে মারা যান।