জুমাকে বিয়ে করে সুখী এনজেমা
যে যা-ই বলুক না কেন, জ্যাকব জুমাকে বিয়ে করে সুখী তাঁর চতুর্থ স্ত্রী বঙ্গি এনজেমা জুমা। তাঁর দাবি, প্রত্যেক স্ত্রীকে আলাদাভাবে স্বাধীন ব্যক্তি হিসেবে দেখার ক্ষমতা রয়েছে দক্ষিণ আফ্রিকার এই প্রেসিডেন্টের।প্রিটোরিয়ায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে বসে বিবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে আত্মবিশ্বাস নিয়ে স্বামী সম্পর্কে এসব কথা জানান দক্ষিণ আফ্রিকার এই ফার্স্ট লেডি। আজ শনিবার বিবিসি অনলাইনে সাক্ষাত্কারটি প্রকাশিত হয়। যতটা না রাষ্ট্রনায়ক, তার চেয়ে জুমার বেশি পরিচিতি প্রেমিকপুরুষ হিসেবে। তাঁকে বিয়ে করে বিতর্কের ঝড় কম সামলাতে হয়নি বঙ্গি এনজেমা জুমাকে। তবে এসব ঝড়ঝাপটা মোটেও আমল দেন না তিনি। বরং মনে করেন, এটি একান্তই তাঁর ব্যক্তিগত পছন্দ। আর জুমাকে বিয়ে করে তিনি সুখেই আছেন। নিজের পরিচয় কীভাবে দিতে পছন্দ করেন—এমন প্রশ্নের জবাবে খয়েরি আর কমলা মিশেল রঙের তৈরি পোশাক পরা এনজেমা জুমা বলেন, ‘সবার আগে আমি জুলু (দক্ষিণ আফ্রিকার একটি আদিবাসী সম্প্রদায়) নারী।’ প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে এনজেমা জুমা হিসাব ও অর্থবিষয়ক পেশায় কর্মরত ছিলেন। বারবার বিয়ে করা একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি জোরগলায় বলেন, এটি একান্তই তাঁর ব্যক্তিগত পছন্দ। অন্য তিন নারীর সঙ্গে পছন্দের পুরুষকে ভাগাভাগি করে নিতে খারাপ লাগে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক নারীকে স্বাধীন ব্যক্তি হিসেবে দেখার ক্ষমতা জ্যাকব জুমার আছে। তাই বিষয়টি নিয়ে তিনি ভাবেন না। প্রেম ও বিয়ের জন্য বিতর্কিত এমন একজন ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্তটা খুব সহজ বিষয় নয় জেনেও তিনি জ্যাকব জুমাকে বিয়ে করেন। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, জ্যাকব জুমা ভালো মানুষ। নারী অধিকারবিষয়ক প্রটোকলের সমর্থক আফ্রিকার ২৮টি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। এই প্রটোকলে বহুবিবাহকে ‘ক্ষতিকর আচরণ’ বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে এনজেমা জুমা বলেন, বহুবিবাহ তাঁর নিজস্ব ও সামাজিক অবস্থানের জন্য ক্ষতিকর কিছু নয়। প্রেসিডেন্ট জুমা তাঁকে নিজের ক্যারিয়ার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বাধীনতা দিয়েছেন।এ বছরের এপ্রিলে জ্যাকব জুমা ও বঙ্গি এনজেমা জুমা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। তবে বহু আগে থেকেই তিনি ফার্স্ট লেডি হিসেবে তাঁর দায়িত্ব পালন শুরু করেন। বিয়ের আগেই তিনি প্রেসিডেন্টের স্ত্রীর মর্যাদায় চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সফর করেছেন। তথ্যপ্রযুক্তি ও অর্থবিষয়ক প্রতিষ্ঠানের সাবেক পরামর্শক এনজেমা জুমার স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনীতি বিষয়ে নিজস্ব বক্তব্য আছে। তিনি ডায়াবেটিস সচেতনতার জন্য একটি ফাউন্ডেশন গঠন করেছেন। এর মাধ্যমে তিনি গ্লোবাল বিজনেস কাউন্সিলের সদস্য হন। ডায়াবেটিস ও স্থূলতা নিয়ে কাজ করতে গিয়ে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গেও তাঁর এক ধরনের সখ্য গড়ে ওঠে। অল্প বয়সে গর্ভধারণ, উচ্চবিদ্যালয় থেকে ঝরে পড়া, দক্ষিণ আফ্রিকার শিক্ষাব্যবস্থার বিষয়ে এনজেমা জুমা প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন। তবে দুজনের দাম্পত্য সম্পর্ক সমতার ভিত্তিতেই চলে বলে তিনি দাবি করেন। জ্যাকব জুমা সম্পর্কে এই ফার্স্ট লেডির মূল্যায়ন, ‘তিনি আমার কাজকে সমর্থন করেন। আমরা নিজেদের কাজ নিয়ে আলোচনা করি; আমাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলি। এই জীবন আমি উপভোগ করছি।’ বহুবিবাহের বিষয়ে প্রেসিডেন্ট জ্যাকব জুমা মুখ না খুললেও তাঁর চতুর্থ স্ত্রীর কল্যাণে জানা গেল, জ্যাকব বিশ্বাস করেন, গণতন্ত্রে নিজের সাংস্কৃতিক স্বাধীনতার প্রকাশ ঘটানোর অধিকার মানুষের আছে। গণমাধ্যমের সমালোচনাকে পাত্তা না দেওয়ার মন্ত্রণা স্বামীর কাছ থেকেই পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘জ্যাকব আমাকে বলে, তোমাকে গণমাধ্যম সৃষ্টি করেনি। তাই গণমাধ্যমের কথায় তোমার ভেঙে পড়া উচিত নয়।’ এত বিতর্কের পরও জ্যাকব জুমা ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতা হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে তাঁর চতুর্থ স্ত্রীর ভাষ্য, এটি প্রমাণ করে বিশ্বদরবার তিনি দক্ষিণ আফ্রিকাকে সঠিক পথেই পরিচালিত করছেন। তবে জ্যাকব জুমার ক্ষমতায় থাকা না-থাকার সঙ্গে তাঁর কাজের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ, ফার্স্ট লেডি হওয়ার অনেক আগে থেকেই তাঁর নিজের একটি অবস্থান রয়েছে। তিনি তাঁর কাজ চালিয়ে যাবেন।