জুমাতুল বিদা পালিত
পবিত্র রমজান মাসের শেষ জুমা জুমাতুল বিদা আজ শুক্রবার সারা দেশে পালিত হয়েছে। জুমাতুল বিদায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে এবং রাস্তায় ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় করেন।দেশের সব মসজিদে জুমাতুল বিদা নামাজের আগে ইমামেরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাত্পর্য তুলে ধরে ‘খুতবা’ পাঠ করেন।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন জুমাতুল বিদা উপলক্ষে খুতবা পাঠ করেন। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন।দেশের সব মসজিদে মুসলিমরা তাঁদের পরলোকগত আত্মীয়-স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে তাঁরা দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেন।কাল পবিত্র লাইলাতুল কদর: কাল শনিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদরের রাত। মহিমান্বিত এ রজনীতে আল্লাহপাক আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল করেন।পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে ধর্মপ্রাণ লাখ লাখ মুসলমান বিভিন্ন মসজিদ ও ধর্মীয় স্থানে এবাদত-বন্দেগির মাধ্যমে এ মহিমান্বিত রজনী অতিবাহিত করবেন।হাজারও রাতের চেয়ে উত্তম এ রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির-আজকার, মিলাদ ও ধর্মীয় আলোচনায় অংশ গ্রহণ করবেন।লাইলাতুল কদর মুসলমানদের কাছে একটি পবিত্রতম ও মহিমান্বিত রজনী। পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের কোনো এক বেজোড় রাতে এ পবিত্র রজনীর আবির্ভাব ঘটে। তবে প্রধানত রমজানের ২৭ তারিখকে লাইলাতুল কদর হিসেবে বিবেচনা করা হয়।লাইলাতুল কদর রাতে নামাজ আদায়, ধর্মীয় অনুষ্ঠান পালন শেষে মুসলমানেরা তাঁদের প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা করবেন। বাসস।