ভোর থেকেই দলে দলে আসতে থাকেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। গন্তব্য টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমা ময়দান। সময় যত গড়িয়েছে, ভিড় তত বেড়েছে। জুমার নামাজের আগেই ইজতেমা মাঠ পরিণত হয় জনসমুদ্রে।আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে গতকাল শুক্রবার। তবে কয়েক দিন আগে থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা সমবেত হতে থাকেন ইজতেমা ময়দানে। তাঁদের উদ্দেশে দুই দিন ধরেই পরিবেশন করা হচ্ছিল বয়ান। তবে গতকাল ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।বৃহত্তম জুমার নামাজ: মুসল্লিদের বিশ্বাস, অনেক মানুষ একসঙ্গে নামাজ পড়লে আল্লাহ্ কারও না কারও দোয়া কবুল করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় গতকাল জুমার দিনও তাই লাখ লাখ মুসল্লি জড়ো হয়েছিলেন ইজতেমা ময়দানে। মুসল্লিদের ভিড় ১৬০ একরের ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও ছড়ায়।সহজেই অনুমেয়, এটা ছিল দেশের বৃহত্তম জুমা। ভোর থেকেই ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদীসহ আশপাশের এলাকা থেকে কয়েক লাখ মুসল্লি ইজতেমা মাঠে জুমার নামাজ পড়তে আসেন। বাংলাদেশ তাবলিগ জামাতের আমির আহেল শূরার (সর্বোচ্চ কাউন্সিল) মাওলানা যোবায়ের নামাজ পরিচালনা করেন।জুমার নামাজকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উত্সাহ দেখা যায়। বাস, ট্রেন, নিজস্ব গাড়ি বা মোটরসাইকেলে চড়ে মুসল্লিরা দুপুরের আগেই তুরাগের তীরে হাজির হতে থাকেন।সুনামগঞ্জ থেকে আসা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘এর আগে এত মানুষ একসঙ্গে দেখিনি। তবে মানুষ বাড়ার পাশাপাশি ব্যবস্থাপনা আরও ভালো করা দরকার। বিশেষ করে টয়লেট-ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব।’ এ বছর ইজতেমায় আগত মুসল্লির সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি বলে তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।মাঠের মূল অংশে যেতে না পেরে রাস্তায় নামাজ ও থাকার আয়োজন করছিলেন রাজশাহী থেকে আসা আবুল কালাম। তিনি প্রথমবারের মতো ইজতেমায় অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘এত মানুষ একসঙ্গে কখনো দেখি নাই। সবাই নামাজ পড়বে, দেখতে ভালো লাগবে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, ধর্ম প্রতিমন্ত্রী শাহ্জাহান মিয়া, সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ্, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইকবালসহ বিশিষ্ট ব্যক্তিরা জুমার নামাজে যোগ দেন।গতকাল ফজরের নামাজের পর শুরু হওয়া বয়ানে দিল্লির মিয়াজি আজমত ইজতেমায় অংশগ্রহণকারীদের ভুল পথ থেকে সুপথে ফিরে আসার আহ্বান জানান। মূল বয়ান বাংলার পাশাপাশি ইংরেজি, আরবি, তামিল ও মালয় ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে।নিরাপত্তা: ইজতেমা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠের চারপাশে ১০ হাজার পুলিশ-র্যাব মোতায়েন করা হয়েছে। সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আকাশ থেকে নজরদারি করে।ভোগান্তি, তবু অভিযোগ নেই: বাস, ট্রেন, নিজস্ব গাড়ি বা মোটরসাইকেলে চড়ে ইজতেমা ময়দানে জুমার নামাজে আসা লোকগুলোর ভোগান্তি চরমে ওঠে ফেরার সময়। চাহিদামতো যানবাহন পাওয়া রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। যাঁরা নিজস্ব বাহনে এসেছিলেন, তাঁরাও আটকে যান প্রচণ্ড যানজটে। আমাদের কালিয়াকৈর প্রতিনিধি জানিয়েছেন, বিকেল চারটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটে স্থবির হয়ে পড়ে।ইজতেমায় অংশগ্রহণকারীদের নদীর পানি ব্যবহার করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। ইজতেমা মাঠের একাধিক জায়গায় এবং তুরাগ নদে সাইনবোর্ড টাঙিয়ে পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।ইজতেমা মাঠের বাইরে বিভিন্ন বেসরকারি সংস্থা বিনা মূল্যে চিকিত্সা ও ওষুধসেবা দেওয়ার আয়োজন করেছে। সেখানে সেবা নিতে যাওয়া মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়।এ তো গেল মাঠের বাইরের ভোগান্তি। মাঠের ভেতরে এই ভোগান্তি আরও বেশি। পর্যাপ্ত খাওয়ার পানি, পয়োনিষ্কাশন বা খাবারের আয়োজন নেই। নেই চিকিত্সাসেবার পর্যাপ্ত ব্যবস্থাও।তবে এ নিয়ে অভিযোগ করবে কে? ইজতেমায় অংশ নেওয়া আবুল হোসেন বলেন, ‘ঘরের মতো টয়লেট তো আর এখানে পাওয়া যাবে না। একটু সমস্যা তো হবেই। মানুষ তো অনেক বেশি। তবে ইবাদত-বন্দেগিতে এসব কোনো সমস্যাই না।’দুজন মারা গেছেন: ইজতেমায় নিয়োজিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষকে জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার অসুস্থ হয়ে দুজন মারা গেছেন।১৫ নম্বর খিত্তায় মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার বদিউজ্জামান ও ময়মনসিংহের চকপাড়ার দাপুনিয়া গ্রামের রিয়াজ উদ্দিন নামের দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল জুমার নামাজের পর তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।৭০ দেশ থেকে এসেছেন সহস্রাধিক মুসল্লি: ইজতেমায় যোগ দিতে বিশ্বের ৭০টি দেশের এক হাজারেরও বেশি মুসল্লি বাংলাদেশে এসেছেন। তাঁদের জন্য ময়দানের এক প্রান্তে উন্নতমানের আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।আমাদের আখাউড়া প্রতিনিধি জানিয়েছেন, ইজতেমায় যোগ দিতে ভারতের ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে গত তিন দিনে প্রায় ৩৫০ জন মুসল্লি এসেছেন। স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিনের পুরোটাই নানা আনুষ্ঠানিকতা থাকবে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেমরা ইজতেমায় অংশগ্রহণকারীদের উদ্দেশে ইসলামের বিভিন্ন দিক ও বিধিবিধান ব্যাখ্যা করে বক্তব্য দেবেন।