টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে ৪৫তম বিশ্ব ইজতেমা। প্রথম দিন শুক্রবার হওয়ায় লাখো মানুষ ইজতেমা ময়দানে নামাজ পড়তে যান। তাঁদের অনেকে অবশ্য নামাজ পড়েই চলে আসেন।গতকাল জুমার নামাজের আগেই বিশ্ব ইজতেমাস্থল এবং আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয় জামাত। মুসল্লিরা মূল ময়দানে স্থান না পেয়ে আশপাশের ফাঁকা মাঠ ও সড়কে দাঁড়িয়ে জুমার জামাতে শরিক হন। মুসল্লিদের আসা-যাওয়ায় টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় দিনব্যাপী তীব্র যানজট লেগে থাকে। জুমার নামাজ শেষে মুসল্লিরা নিজের, পরিবারের ও দেশের, সর্বোপরি সারা বিশ্বের মানুষের সুখ-শান্তি কামনায় দোয়া করেন।তাবলিগ জামাতের সবচেয়ে বড় এ জমায়েত এবার প্রথমবারের মতো দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পাকিস্তানের আমির হাজি আবদুল ওয়াহাব আমবয়ান করেন। তিনি বলেন, ‘দাওয়াতের কাজে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এর মাধ্যমে তাদের মন জয় করে ইসলামের পথে নিয়ে আসাই গুরুত্বপূর্ণ কাজ।’ আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম দফা ইজতেমা শেষ হবে। ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে ২৮ জানুয়ারি থেকে।সকাল ১০টা থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা বয়ান হয়। বেলা ১১টায় আরব ক্যাম্পে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দিল্লির প্রবীণ আলেম মাওলানা আহমদ লাট।জুমার নামাজের আগে বয়ান করেন মাওলানা আসানুল হক। তিনি বলেন, ‘গোটা বিশ্ব এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরে-বাইরে কোথাও মানুষের নিরাপত্তা নেই। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে।’জুমার নামাজের ইমাম ছিলেন ঢাকার কাকরাইল মসজিদের মজলিসে শুরার সদস্য মাওলানা যুবায়ের।জুমার পর বয়ান করেন দিল্লির মাওলানা জামশেদ। তিনি উর্দুতে বয়ান করায় তার বঙ্গানুবাদ করেন মাওলানা শেখ আবদুল্লাহ।আসরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা যুবায়েরুল হাসান। মাগরিবের পর দিকনির্দেশনামূলক বয়ান করেন তাবলিগ জামাতের আন্তর্জাতিক মজলিসে শুরার সদস্য দিল্লির মাওলানা সাদ।পানির জন্য দীর্ঘ লাইন: এ পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্ব ইজতেমার মাঠে ১১টি গভীর নলকূপের মাধ্যমে দুই লাখ ৫০ হাজার গ্যালন পানি সরবরাহ করেছে। তার পরও পানির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। খাওয়ার ও গোসলের পানির জন্য মুসল্লিদের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। প্রয়োজনের তুলনায় গোসলখানা, অজুখানা ও শৌচাগার কম বলে জানা গেছে।এ বছর ইজতেমা ময়দানের চারপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাবের ছয়টি ও পুলিশের তিনটি অস্থায়ী পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। এসব টাওয়ার থেকে অত্যাধুনিক ক্যামেরার সাহায্যে নিরাপত্তা তদারক করা হচ্ছে।ময়দানের উত্তর পাশে কন্ট্রোল রুম এলাকায় গাজীপুরের সিভিল সার্জন, টঙ্গী পৌরসভা, ইবনে সিনা ফার্মা, হামদর্দ ল্যাবরেটরিজ, জাতীয় ইমাম সমিতি, ইসলামিক ফাউন্ডেশন, র্যাব, ড্যাব, বিএমএ, আঞ্জুমান মুফিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ৪৫টি ফ্রি চিকিৎসাকেন্দ্র চালু করেছে।ইজতেমা উপলক্ষে আশপাশের মহাসড়কগুলোতে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।খাবারের মান নিশ্চিত করতে ২৪ ভ্রাম্যমাণ আদালত: গাজীপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, ইজতেমায় হোটেল-রেস্তোরাঁয় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে ২৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। আদালত ইজতেমা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পকেটমার ও ছিনতাইকারীদের তাৎক্ষণিক বিচারের কাজও করছেন। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বেকারির বিরুদ্ধে ১৭টি মামলা এবং ৯৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন। গতকাল শুক্রবার ইজতেমার প্রথম দিনে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া গতকাল পর্যন্ত ১৭ জন পকেটমারকে জেলহাজতে পাঠানো হয়।দুজনের মৃত্যু: বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। রাত নয়টায় শৌচাগারে পা পিছলে পড়ে গুরুতর আহত হন রাজধানীর টিকাটুলীর বাসিন্দা সফিকুর রহমান (৫০)। টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার রাত দেড়টায় হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান আবদুর রহমান (৭৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের রাণীগ্রাম তালতলায়।টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিনে গুরুতর অসুস্থ ৩০ জন ভর্তি ও ১০ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অ্যাজমা ও হূদেরাগীর সংখ্যা বেশি।বৃহস্পতিবার রাতে ইজতেমায় মধ্যপ্রাচ্যের নির্ধারিত তাঁবুতে অবস্থানরত কাতারের নাগরিক আবদুল্লাহ মোহাম্মদ (৬০) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া দুজন ফিলিস্তিন নাগরিক ইয়াত (৩৫) ও মাজেদ (৪৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের রাজধানীর উত্তরার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এসেছেন ৯৫ দেশের নয় হাজার মুসল্লি: গতকাল ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, আমেরিকা, বেলজিয়াম, চীন, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, কোরিয়া, পাকিস্তান, ভারতসহ বিশ্বের ৯৫টি রাষ্ট্রের নয় হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। এর মধ্যে মিসর থেকে প্রায় এক হাজার ১০০ এবং ওমান থেকে প্রায় ৮৫০ জন মুসল্লি এসেছেন।