জুমার নামাজের পর ওলামা মাশায়েখ পরিষদের সমাবেশ-মিছিল
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর পাশের সড়কে সমাবেশ করেছে। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার উদ্যোগ এবং নারীনীতি ও শিক্ষানীতি বাতিল না করার প্রতিবাদে দলটি সমাবেশ-মিছিল করে।সমাবেশে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব আলমগীর মজুমদার বলেন, বর্তমান সরকারকে উত্খাত না করলে ধর্ম-কর্ম রক্ষা সম্ভব হবে না।দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ নেজামী বলেন, বামপন্থীদের দ্বারা প্রভাবিত হয়ে সরকার সংবিধানে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে। লাখ লাখ জনতা জীবন দেবে কিন্তু ধর্মনিরপেক্ষতা মেনে নেবে না বলে তিনি সরকারকে সতর্ক করে দেন।সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মাওলানা জায়নুল আবেদীন বলেন, যেসব ওলামা সরকারের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ না করে চুপ আছেন, তাঁরা ‘শয়তান’।সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সমাবেশ ও মিছিল কর্মসূচি চলে আধঘণ্টা ধরে। এ সময় দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম মসজিদের পাশে ওভারব্রিজের নিচে বিপুলসংখ্যক পুলিশের বেষ্টনী ছিল।