জুমার পর চট্টগ্রাম থেকে লংমার্চ শুরুর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা থাকলেও চট্টগ্রাম থেকে আগের দিন শুক্রবার জুমার নামাজ পড়েই ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে জুমার নামাজ পড়ে সেখান থেকে গাড়িতে করে হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকেরা ঢাকার উদ্দেশে রওনা হবেন।গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির উপস্থিতিতে হেফাজতে ইসলামের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। বৈঠকে হেফাজতের নেতা ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি।জানতে চাইলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মাওলানা মঈনুদ্দিন রুহী গত রাতে প্রথম আলোকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় তাঁদের ঢাকায় জমায়েত হওয়ার কথা রয়েছে। সে কারণে আগের দিন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে সংগঠনের ১৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লংমার্চ কর্মসূচির কোনো নড়চড় হবে না বলে ঘোষণা দিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটি ও ঢাকায় লংমার্চ সমন্বয় কমিটির নেতারা। লংমার্চকে অহিংস রাখতে বাধা এলে জায়নামাজ ও তসবিহ নিয়ে বসে পড়ে জিকির করার নির্দেশনা দেওয়া হয়েছে।হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, ‘লংমার্চ হবে। এই সিদ্ধান্তের এক ইঞ্চিও হেরফের হবে না। লংমার্চ চলাকালে কেউ নাশকতা করতে চাইলে আমরাই তাদের প্রতিহত করব।’লংমার্চ স্থগিত করতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করাসহ সরকারের বিভিন্ন তত্পরতা প্রসঙ্গে আজিজুল হক বলেন, ‘ব্লগারদের গ্রেপ্তার কেবল আমাদের দাবি না। সংসদে আইন করে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করা আমাদের প্রধান দাবি। সরকার তা এখনো মানেনি বলে লংমার্চ কর্মসূচি বহাল থাকবে।’হেফাজতে ইসলামের নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন নায়েবে আমির শামসুল আলম ও তাজুল ইসলাম, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহী, লোকমান হাকিম, সলিম উল্লাহ, মীর খলীলুর রহমান মাদানী, মাহমুদুল হাসান ফতেপুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সাহিত্য সম্পাদক হারুন ইজহার প্রমুখ।তিন ব্লগারকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া: এদিকে গতকাল ঢাকার লালবাগ মাদ্রাসায় লংমার্চ সমন্বয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হেফাজতের নেতারা বলেন, সরকার অখ্যাত তিনজন ব্লগারকে লোক দেখানোর জন্য গ্রেপ্তার করে হেফাজতে ইসলামের ইমানি আন্দোলন সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। আল্লাহ, রাসুল (সা.) ও ইসলামের অবমাননাকারী ‘চিহ্নিত ব্লগার ও স্বঘোষিত নাস্তিক আসিফ মহিউদ্দিনসহ প্রকৃত অপরাধীদের’ এখনো পুলিশ নিরাপত্তা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।সভায় সমন্বয় কমিটির নেতারা দাবি করেন, চিহ্নিত ইসলামবিদ্বেষী ব্লগার রাজীবকে জাতীয় সংসদে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আখ্যায়িত করে সম্মান প্রদর্শন করে সরকার। সংসদের কার্যবিবরণী থেকে সে কথাগুলো বাদ দেওয়া হয়নি। সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে, আসিফ, রাজীবসহ ব্লগাররা জঘন্যভাবে আল্লাহ, রাসুল (সা.) ও ইসলামের অবমাননা করেছে। প্রধানমন্ত্রী সারা দেশে দেড় শতাধিক মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ না করলেও রাজীবের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছেন। একজন বিচারপতি ইমানি তাগিদে ব্লগারদের বিরুদ্ধে প্রকাশিত পত্রিকার প্রতিবেদন সহকর্মীদের কাছে বিতরণ করায় সরকার তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে।হেফাজতের নেতারা প্রশ্ন তুলেছেন, গণজাগরণ মঞ্চকে জনগণের স্বতঃস্ফূর্ত জাগরণ আখ্যায়িত করে সরকার এর পক্ষে অবস্থান নিয়েছিল। এই মঞ্চ যদি স্বতঃস্ফূর্তই হবে, তাহলে সরকারের কথায় তারা উঠে যাবে কেন?কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, জুনায়েদ আল হাবীব, মাহফুজুল হক, আবুল হাসানাত আমিনী, জাফরুল্লাহ খান, আবদুর রব ইউসুফী, মঞ্জুরুল ইসলাম, আবুল কাসেম, মুহাম্মদ তৈয়্যব, সাখাওয়াত হোসাইন, আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ উপস্থিত ছিলেন।