প্রচারপত্র বিতরণে বাধা দেওয়ায় রাজধানীর পল্লবীতে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছেন হিযবুত তাহ্রীরের কর্মীরা। এ সময় মুসল্লিরা একজোট হয়ে নিষিদ্ধঘোষিত এই উগ্রপন্থী সংগঠনটির দুজন সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।এ ছাড়া রাজধানীর কয়েকটি এলাকায় র্যাব পৃথক অভিযান চালিয়ে হিযবুত তাহ্রীরের আরও ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, পল্লবী জামে মসজিদে মুসল্লিদের ওপর হামলার সময় হিযবুতের সদস্যরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেনের ওপরও হামলার চেষ্টা করেন। ডিবির এই কর্মকর্তা ওই মসজিদে নামাজ পড়ে বেরোচ্ছিলেন তখন।ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি নামাজ শেষে বেরিয়ে এসে দেখেন মুসল্লিদের মাঝে হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিলি করছেন একদল তরুণ। তিনি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। এ সময়ই বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা নিষিদ্ধ সংগঠনের এসব প্রচারপত্র বিলি বন্ধ করতে বলেন। এতে ওই তরুণেরা খেপে ওঠেন। তাঁরা ১০-১২ জন একত্র হয়ে মুসল্লিদের ওপর চড়াও হন। এ সময় ডিবির কর্মকর্তা ছানোয়ার মুসল্লিদের সঙ্গে নিয়ে হিযবুত তাহ্রীরের সদস্যদের আটকানোর উদ্যোগ নেন। তখন হিযবুতের সদস্যরা ছানোয়ারের দিকে তেড়ে এলে মুসল্লিরা প্রতিরোধ করেন। এ সময় মুসল্লিরা হিযবুতের সাতজন সদস্যকে আটকে ফেলেন। কিছুক্ষণের মধ্যে হিযবুতের সদস্যরা আরও সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালিয়ে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে ছিনিয়ে নিয়ে যান। পরে বাকি দুজনকে পল্লবী থানার পুলিশের কাছে দেওয়া হয়।একাধিক মুসল্লি জানিয়েছেন, পল্লবী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হিযবুতের পুরো দলটিকে গ্রেপ্তার করা সম্ভব হতো।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে আটক করা দুজন হলেন: রিয়াজ আহমেদ (২০) ও এ এইচ এম শহীদুর রহমান (৩০)। তাঁদের কাছে সংগঠনের প্রচারপত্র পাওয়া গেছে। এঁদের বিরুদ্ধে মামলা করা হবে।র্যাবের হাতে গ্রেপ্তার ১৭: র্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হানউদ্দীন খান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে নিউমার্কেট এলাকার সুকন্যা টাওয়ার থেকে হিযবুতের সদস্য মনিরুল হক নামের একজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। মনিরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক্সে স্নাতকোত্তর করছিলেন। মনিরুলের দেওয়া তথ্য অনুযায়ী পরে মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শাহরিজ কবির (২৫), আদনান আহমেদ (১৯) ও তারেক আজিজ (১৮)। তাঁরা সবাই ছাত্র।গতকাল দুপুরে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ বড় মসজিদ এলাকায় প্রচারপত্র বিলির সময় নয়জন হিযবুত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তাঁরা হলেন শাহ ইমরান (২২), রাজীব (২০), সাইদুল ইসলাম (২৪), নাদের জামিল চৌধুরী (২৬), মশিউর রহমান (৩০), মো. হাসান (২৪), মহিউদ্দিন মাহি (৩০), মুরাদুজ্জামান (২৪) ও মোশারফ হোসেন (২০)।একই সময় র্যাব-১০ রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে হিযবুত তাহ্রীরের চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সোহরাব হোসেন (২১), মাকসুদুল ইসলাম (৩২), মাহবুব সাকিব (১৭) ও কামরুল ইসলাম (২৫)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছাত্র বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা।