জুয়াড়ি ক্যামেরন!
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চান একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউরোপ। তিনি এমন এক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেখতে চান, যা মুক্ত বাণিজ্য ও প্রতিযোগিতায় পূর্ণ অথচ বাণিজ্যের জন্য আমলাতান্ত্রিক জটিলতামুক্ত। তাঁর ভাষায়, ইইউ হওয়া প্রয়োজন ‘কম খরচের ও কম আমলাতান্ত্রিক জটিলতার’ একটি সংঘ। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে নিশ্চয়ই পারস্পরিক সহযোগিতা থাকবে, তবে জনসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ন্ত্রণের কর্তৃত্ব থাকা উচিত রাষ্ট্রের সরকারের হাতে। আর এমন একটি সংঘ হলে ব্রিটেন অবশ্যই তাতে থাকবে। এ কথাগুলো ক্যামেরন বলেছিলেন ২৩ জানুয়ারি লন্ডনে দেওয়া তাঁর দীর্ঘ প্রতীক্ষিত ও গুরুত্বপূর্ণ ভাষণে। ক্যামেরনের এ ধরনের চিন্তা ও কাজকে মনে করা হচ্ছে এক ধরনের জুয়া খেলা।ক্যামেরনের জুয়াক্যামেরনের প্রত্যাশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, তিনি চান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে নতুন সমঝোতা। ইইউতে যুক্তরাজ্য থাকবে কি না, তা নিয়ে একটি গণভোট আয়োজনের পরিকল্পনাও আছে তাঁর। ক্যামেরনের ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালের শেষের দিকে এ বিষয়ে জনমত যাচাইয়ে গণভোট অনুষ্ঠিত হবে। নিঃসন্দেহে ক্যামেরনের এ ধরনের পরিকল্পনার পেছনে ইউরো অঞ্চলের সাম্প্রতিক সংকটই বড় প্রভাব রাখছে। ‘দ্য ইকোনমিস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির ভেতরকার যে অংশটি অখণ্ড ইউরোপের ভবিষ্যত্ নিয়ে সন্দিহান (ইউরোস্কেপটিক), সেটি দীর্ঘদিন থেকে সক্রিয়। এরা চাইছে যুক্তরাজ্য ইইউর ভেতরে থাকুক, তবে নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে। ইইউর দুর্দিনে সন্দিহানদের দল ক্রমে ভারী হচ্ছে। বাস্তবতা হচ্ছে, ইইউকে যদি টিকে থাকতে হয়, তবে শক্তভাবে টিকে থাকতে হবে। এর মধ্যে দ্বিধার কোনো স্থান নেই। সন্দিহানরা মনে করছে, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার এটাই সবচেয়ে ভালো সময়, যখন ইইউ বেশ নাজুক। এরা কনজারভেটিভ পার্টির ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। তাই এদের কোনো এক উছিলায় দমন করাটা ক্যামেরনের জন্য আবশ্যক হয়ে দেখা দিয়েছে। আরেকটি দলকে দমন করা ক্যামেরনের জন্য প্রয়োজনীয়। এটি হলো ইউনাইটেড কিংডম ইন্ডিপেনডেন্স পার্টি (ইউকেআইপি)। এ দলটি আকারে বেশ ছোট অথচ প্রভাবশালী। ইইউ নিয়ে এরা সন্দিহান এবং এ থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্নতার দাবিতে সোচ্চার। ইইউ নিয়ে সরকার দোদুল্যমানতায় আছে এবং হাত গুটিয়ে বসে রয়েছে—এ ধরনের অভিযোগ তুলে দলটি প্রতিদিনই ক্যামেরনের কনজারভেটিভ পার্টিকে হেনস্তা করে চলেছে। এসব কর্মতত্পরতা সামনের নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হুমকির মুখোমুখি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তাই ক্যামেরন চাইছেন ইউকেআইপির সামনে একটি গণভোটের ‘মুলা’ ঝুলিয়ে দিতে। এতে দলটির মনোযোগ অন্যদিকে ঘুরে যেতে বাধ্য হবে। ক্যামেরনের এসব ঘোষণার আরেকটি উদ্দেশ্য হলো, গণভোটের রব তুলে দিয়ে তার আগে ২০১৫ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সুবিধা নেওয়া। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো যখন বাগবিতণ্ডা করবে, তখন জাতীয় নির্বাচনে সেসব দলের ঐক্য হওয়ার সম্ভাবনা থাকবে অনেক কম। এ সুযোগে ক্যামেরনের দলের জয়ও সুবিধাজনক হবে বলে ধারণা করা হচ্ছে। ইউকেআইপি খুব দ্রুত গণভোট আয়োজনের দাবি জানালেও ক্যামেরন বলেছেন, গণভোট হবে পরবর্তী পার্লামেন্টের মাঝামাঝি সময়ে। অর্থাত্ ২০১৭ সালে। এই দীর্ঘ সময়ে ইইউর সঙ্গে দর-কষাকষি করার এবং জনগণকে ইইউর পক্ষে ঐক্যবদ্ধ করার যথেষ্ট সময় পাবেন ক্যামেরন। উদ্বেগের কারণযুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়, তবে কয়েকটি সুনির্দিষ্ট সমস্যা তৈরি হতে পারে।প্রথমত, পাঁচ বছর বা তারও কম সময়ে গণভোট আয়োজন করা ঝুঁকিপূর্ণ। যদিও ক্যামেরন বলছেন, যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে আসবে না, তবুও তাঁর গণভোটের ঘোষণা দেশটির অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ২০১৭ সালের যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার খবরে অনেক বহুজাতিক কোম্পানি যুক্তরাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। দ্বিতীয়ত, পাঁচ বছর সময়কে আপাতভাবে যথেষ্ট মনে হলেও এ সময়ে ইউরো অঞ্চলের সমস্যা সমাধান কষ্টসাধ্য। সংকট আরও গভীর হলে পাঁচ বছরের মধ্যে তা সমাধান করা যাবে না, এর চেয়ে কয়েক বছর বেশি সময়ও লাগতে পারে। যেহেতু ব্রিটেন এখনো ঠিক করে উঠতে পারেনি, তারা ইইউতে থাকবে কি না, তাই যথাযথ পরিকল্পনা করাও দেশটির জন্য ঝামেলা তৈরি করবে। তৃতীয়ত, ইইউর সঙ্গে ব্রিটেনের দর-কষাকষি ঝামেলাপূর্ণও হতে পারে। অনেক ইউরোপীয় দেশ এখনো বুঝতে পারছে না যুক্তরাজ্য কেন ইইউ ছাড়তে চাচ্ছে। তারা যদি মনে করে, ইউরোর ভবিষ্যতের চেয়ে নিজের ভবিষ্যত্ নিয়ে বেশি চিন্তা করে ব্রিটেন ইইউ ছাড়তে চাইছে, তবে তা ইউরোপের সংঘটির জন্য মঙ্গলজনক হবে না। সংকট থেকে সমাধানের মাঝপথে একটি রাষ্ট্রকে যে চাপ নিতে হয়, অনেক দেশ তা এড়াতে চাইতে পারে। এ জন্য গণভোটের অজুহাত দেখিয়ে তাঁরা অন্য রাষ্ট্রের দুঃসময়ে ইইউ ত্যাগ করতে চাইতেও পারে। ব্রিটেন যদি সত্যিই ইইউতে থেকে যায়, তবুও ক্যামেরনের জন্য যে প্রবণতা তৈরি হচ্ছে, তা তাঁর জন্য বুমেরাং হয়ে যেতে পারে।উল্লিখিত ঝুঁকিগুলো বিবেচনাযোগ্য। তবে ডেভিড ক্যামেরনের হাতে কয়েকটি এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ তাস আছে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল যুক্তরাজ্যকে উদার মিত্র মনে করেন। ইইউর বাজেট এবং ব্যাংকিং ইউনিয়নের ক্ষেত্রে ক্যামেরনকে ছাড় দিতে চান তিনি। ইউরো নিয়ে সন্দিহানদের নজর ডেভিড ক্যামেরনের দিক থেকে ভিন্নদিকে সরাতে বিভিন্ন উদ্যোগও নিতে রাজি মেরকেল। এর অর্থ হলো, ইউরো ইস্যুতে ক্যামেরন বিশেষ সুযোগ পেতে চলেছেন। গত বছরের মে মাসে অর্ধেকের বেশি যুক্তরাজ্যবাসী জানিয়েছেন, তাঁরা ইইউতে থাকতে চান না। চলতি বছরের শুরুতে ইইউতে থাকা, না-থাকার পক্ষে মত প্রায় সমান। তাই বলা চলে, দেশের ভবিষ্যত্ নিয়ে একটি অহেতুক ঝুঁকি নিচ্ছেন ডেভিড ক্যামেরন। আশার কথা হলো, অনেক বিষয়ে বিরোধীদের চেয়ে এগিয়ে আছেন তিনি। তাই জুয়া খেলায় শেষ হাসি হাসার সম্ভাবনা তাঁরই বেশি।