জুরাইনে আ.লীগ নেতাকে গাড়িচালকসহ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উল্লাহ্ (৬৫) ও তাঁর গাড়িচালককে গতকাল বুধবার গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মোহাম্মদ উল্লাহ্ শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং দুলদুল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরিবারের অভিযোগ, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তিনি খুন হয়েছেন।এর আগে গত ১৪ জানুয়ারি পশ্চিম আগারগাঁওয়ে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দলীয় কোন্দলের জের ধরে খুন হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে পূর্ব জুরাইনের কমিশনার রোডে কাকলী পাঠাগারের সামনে মোহাম্মদ উল্লাহেক বহনকারী প্রাইভেট কার পাঁচ-ছয়জন সন্ত্রাসী ঘিরে ফেলে। গাড়িচালক হারুন অর রশীদ (৩৮) কাচ তুলে দেন। সন্ত্রাসীরা সামনে থেকে গুলি করলে কাচ ভেদ করে গাড়িচালকের মাথা ও কপালে গুলি বিদ্ধ হয় এবং তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে পড়ে যান। পরে সন্ত্রাসীরা পেছনের আসনে বসা মোহাম্মদউল্লাহকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তাঁর পেট, বুক ও গলায় অন্তত সাতটি গুলি বিদ্ধ হয়। পথচারীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।পুলিশ ও র্যাবের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল ফিতা দিয়ে ঘিরে আলামত সংগ্রহ করে।আওয়ামী লীগের কর্মী ও প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, মোহাম্মদউল্লাহ তাঁর ছোট মেয়ের বিয়ের কার্ড বিতরণ করছিলেন। তিনি কমিশনার রোডে কার্ড বিতরণ করে ৮৮ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন।আরেক প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান জানান, হামলাকারীদের তিনজন মুখোশ পরা ছিল। ঘটনার পর সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে হেঁটে কাকলী পাঠাগার-সংলগ্ন গলি দিয়ে চলে গেছে। অস্ত্রের ভয়ে তাঁরা এগোননি।মোহাম্মদউল্লাহর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় (ঢাকা-৪) সাংসদ সানজীদা খানমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাসপাতালে যান। মোহাম্মদউল্লাহকে মৃত ঘোষণার পর স্বজনদের আহাজারিতে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তাঁর দুই মেয়ে মর্জিনা বেগম ওরফে রিনা ও জান্নাতুল ফেরদৌসী একাধিকবার মূর্ছা যান।নিহত মোহাম্মদউল্লাহর ভাই সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, থানা আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে তাঁর ভাই খুন হয়েছেন। তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৮৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই জের ধরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।বড় মেয়ে মর্জিনা কাঁদতে কাঁদতে বলেন, তিনি স্বামী-সন্তানসহ সৌদি আরবে থাকেন। আগামী ৫ মার্চ ছোট বোন জান্নাতুলের বিয়ে উপলক্ষে গত মঙ্গলবার সৌদি আরব থেকে ঢাকায় এসেছেন। বাবা বলতেন, অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি (মোহাম্মদউল্লাহ) কয়েকজনের নামে সাধারণ ডায়েরিও (জিডি) করেন।সাংসদ সানজীদা খানম ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, হত্যার কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন। বিষয়টি পুলিশ তদন্ত করে বের করবে। মোহাম্মদউল্লাহ ৮৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এবং পূর্ব জুরাইন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ছিলেন। ওই বিদ্যালয়ের আগের নাম ছিল সালাউদ্দিন উচ্চবিদ্যালয়। এই নাম পরিবর্তন করায় বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন এ নিয়ে মোহাম্মদউল্লাহর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং হাইকোর্টে রিটও করেন।সাংসদ বলেন, মোহাম্মদউল্লাহ ৮৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় একটি হায় হায় কোম্পানির সদস্যকে তিনি পুলিশে দিয়েছিলেন। ওই ব্যক্তির বাড়ির মালামালও জব্দ করা হয়। হুমকির বিষয়টি কয়েক দিন আগে মোহাম্মদউল্লাহ তাঁকে জানিয়েছিলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, যারা ঘটনা ঘটিয়েছে, তারা যত বড় সন্ত্রাসীই হোক, তাদের বিচারের মুখোমুখি করা হবে।সন্ধ্যায় ঘটনাস্থল কমিশনার রোডে গিয়ে দেখা যায়, মোহাম্মদউল্লাহকে বহনকারী গাড়িটি ঘটনাস্থলেই আছে। কাচে গুলির চিহ্ন। গাড়িতে ছোপ ছোপ রক্ত। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেল থেকে এলাকাবাসী কমিশনার রোড অবরোধ করে রাখে।মোহাম্মদউল্লাহর বাড়ি পূর্ব জুরাইনের ৭৮৪/৮বি-১ খোরশেদ আলী সরদার রোডে। ধানসিড়ি নীড় নামের তিনতলা ওই বাড়িতে গিয়ে শোনা যায় কান্নার রোল। মোহাম্মদউল্লাহর স্ত্রী কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন। জান্নাতুলের বিয়ে উপলক্ষে সাজানো বাড়িতে চলছে মাতম।মোহাম্মদউল্লাহর তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মেজো মেয়ে আমেনা বেগম কানাডা-প্রবাসী। একমাত্র ছেলে কামরুজ্জামান শাকিল যুক্তরাজ্যে পড়াশোনা করছেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার মুরাইনে।মোহাম্মদউল্লাহর গাড়িচালক হারুন পোস্তগোলায় থাকতেন। তাঁর বাবার নাম হাসানুজ্জামান। গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের গোবিন্দপুরে। পাঁচ মাস আগে তিনি মোহাম্মদউল্লাহর গাড়িচালক হিসেবে চাকরি নেন।ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু মোহাম্মদউল্লাহ রাজনীতি করতেন, তাই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে।ঢাকা মহানগর আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদউল্লাহর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।