জুরাইনে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, সমাবেশ পণ্ড
রাজধানীর জুরাইনে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার দলটির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় লাঞ্ছিত হয়েছেন স্থানীয় সাংসদ সানজিদা খানম। আহত হয়েছেন অন্তত ১০ জন।স্থানীয় সূত্রগুলো জানায়, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক সাংসদ সানজিদা খানমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। দুজনই এই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত গড়ে তুলতে সম্প্রতি ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীর প্রতিটি থানায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়। গতকাল জুরাইন মাজার গেটে শ্যামপুর থানা আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ঘোষণা করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, এই দুই মন্ত্রী সমাবেশে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। এরই মধ্যে সংঘর্ষের খবর শুনে তাঁরা আর যাননি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া তিনটায় তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সমাবেশটি সঞ্চালনা করছিলেন সানজিদা খানম। সমাবেশের শুরু থেকে মাইকে নাম ঘোষণাকে কেন্দ্র করে কিছু কর্মী হট্টগোল করছিলেন। তাঁদের অভিযোগ, সংগঠনের বিভিন্ন শাখা থেকে মিছিল নিয়ে আসা নেতাদের নাম ঘোষণা করা হচ্ছে না, তাঁদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, এ অবস্থায় কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ওরফে ফালানের সমর্থকদের দাবির মুখে তাঁকে বক্তব্য দিতে মঞ্চে ডাকেন সানজিদা খানম। মাসুদ রানা মাইক্রোফোন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই হট্টগোল শুরু হয়। একপর্যায়ে শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি খলিলুর রহমান মঞ্চে মাসুদ রানার পাশে গিয়ে দাঁড়ালে কে বা কারা তাঁর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। এর পরপরই তুমুল মারামারি বেধে যায়। এ সময় সাংসদ সানজিদা খানম শারীরিকভাবে লাঞ্ছিত হন। তিনি নেতা-কর্মী ও পুলিশ পরিবেষ্টিত হয়ে মঞ্চের পেছনে গিয়ে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সানজিদার সমর্থকেরা সংঘবদ্ধ হলে তিনি আবার মঞ্চে যান। তখন আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সানজিদাসহ মঞ্চ ভেঙে পড়ে। এরপর সানজিদার সমর্থকেরা মাজারের দিকে এবং তোফাজ্জলের সমর্থকেরা কদমতলী এলাকায় গিয়ে অবস্থান নেয়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে তোফাজ্জলের সমর্থকেরা ঘটনাস্থল ত্যাগ করেন। আর সানজিদার সমর্থকেরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে সাংসদ সানজিদা খানম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জিয়া পরিষদের নেতা কাউছারকে মঞ্চে তুলে ফুলের তোড়া নিয়ে আওয়ামী লীগে যোগদান করাতে চেয়েছিল তোফাজ্জল। আমি তাঁকে বলি, সৈয়দ আশরাফ মঞ্চে আসার পর যেন যোগদান করায়। কিন্তু সে তখনই যোগদান করাতে চেয়েছিল।’ সানজিদা অভিযোগ করেন, তোফাজ্জল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের নিয়ে এ ঘটনা ঘটান। তিনি কয়েক দিন ধরেই বিএনপির লোকজন নিয়ে বৈঠক করে সমাবেশ পণ্ড করার পরিকল্পনা করেন। জানতে চাইলে তোফাজ্জল হোসেন প্রথম আলোর কাছে পাল্টা অভিযোগ করে বলেন, ‘সানজিদা খানম বিএনপির লোক এনে এ ঘটনা ঘটিয়েছে। এটা সাজানো। তাঁর ভাই একজন চাঁদাবাজ।’দলীয় সূত্রগুলো জানায়, শ্যামপুর থানা আওয়ামী লীগের রাজনীতিতে তোফাজ্জল হোসেন ও সানজিদা খানমের মধ্যে এই বিরোধ দীর্ঘদিনের।