জুরাইনে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে আহত
রাজধানীর কদমতলী থানার জুরাইন বাগানবাড়ী এলাকায় সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে রিনা আক্তার (৩৮) ও তাঁর ছেলে শিক্ষার্থী ফয়সাল (১৩) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ফয়সাল জানায়, সে জুরাইন আদর্শ একাডেমির নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কলাবাগান মাঠে ক্রিকেট খেলা শেষে বাসায় ফিরছিল। ওই সময় স্থানীয় সন্ত্রাসী মাসুম, সজল ও আবু ডেকে নিয়ে তাকে আটক করে। ওই সময় তার কাছে একটি দামি মোবাইল ফোনসেট ছিল। সন্ত্রাসীরা তার বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।ফয়সাল জানায়, এরপর তার বাবা ঘটনাস্থলে ছুটে আসেন। নগদ সাত হাজার টাকা ও মোবাইল ফোনসেটটি সন্ত্রাসীদের দিয়ে তাকে মুক্ত করে আনেন। সন্ত্রাসীরা তাদের শাসিয়ে দেয়, ঘটনাটি যেন আর কাউকে বলা না হয়। পরে ঘটনাটি স্থানীয় একটি সমিতির কর্মকর্তাদের জানানো হলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।ফয়সাল জানায়, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাসুম, সজল, আবুসহ আরও একজন তাদের বাসার ফটক খোলা পেয়ে ভেতরে ঢুকে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় সে এবং তার মা ঘুমিয়ে ছিল। বোমার আওয়াজ পেয়ে তারা জেগে ওঠে।আহত ফয়সালের মা রিনা আক্তার জানান, চার সন্ত্রাসী ঘরে ঢুকে পিস্তলের বাঁট দিয়ে তাঁর বাঁ চোখের পাশে ও ডান হাতে আঘাত করে। পরে তাঁর গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। ফয়সালকে দেখামাত্র একজন বলে ওঠে, ‘ওই তোকে না বলেছিলাম ঘটনা কাউকে জানাবি না, এ কথা বলেই বোমার বিস্ফোরণ ঘটনায়।’ বোমার আঘাতে ফয়সাল ও তার মা পেটে আঘাত পায়। আশপাশের লোকজন এসে তাদের হাসপাতালে ভর্তি করে। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বন্ু্ল-বান্ধবদের সঙ্গে ক্রিকেট খেলার জের ধরে কথাকাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ ফয়সালদের বাসায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।