জুরাইনে চিরনিদ্রায় পরিচয়হীন ৫২
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিদগ্ধ হয়ে নিহত পরিচয় না-পাওয়া ৫২ জনের শেষ ঠিকানা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। আঞ্জুমান মুফিদুল ইসলামের উপপরিচালক সারোয়ার জাহান সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে জানান, আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় জানাজা শেষে দাফন শুরু হয়। বিকেল পাঁচটার দিকে মোট ৫২টি মরদেহের দাফন সম্পন্ন হয়। এ ছাড়া আরেকটি লাশ এখানে দাফন করা হবে। ওই ব্যক্তির স্বজনেরা লাশটি এখানে নিয়ে আসছেন। শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন মারা যান। তাঁদের মধ্যে ৬০টি লাশের দাবিদার না থাকায় সেগুলো দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়। এর মধ্যে সাতটি লাশ স্বজনেরা বুঝে নেন। বাকি লাশগুলোর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো আঞ্জুমানের গাড়িতে তোলার পর আরেক দফা জানাজা হয়। বেলা সোয়া তিনটায় জুরাইন কবরস্থানে লাশবাহী পাঁচটি গাড়ি পৌঁছায়। সাড়ে তিনটার সময় লাশবাহী গাড়িগুলো সামনে রেখে জানাজা পড়া হয়। জানাজায় অংশ নেন স্থানীয় হাজার হাজার মানুষ। দাফনের সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।