জুরাইনে মা-দুই সন্তানের মৃত্যু: ৮ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর পূর্ব জুরাইনের আলমবাগ এলাকার একটি বাড়িতে মা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় আজ শনিবার সকালে মামলা করা হয়েছে। মা ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলকে (১০) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কদমতলী থানায় মামলাটি করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় ফারজানার শ্বশুর ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী স্মৃতি, দুই ননদ সুখন কবির ও কবিতা কবির, ননদের স্বামী দেলোয়ার হোসেন ও গাড়িচালক মান্নানকে আসামি করা হয়েছে।পুলিশের ওয়ারী অঞ্চলের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ তিনটি মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা আছে। প্রসঙ্গত, গতকাল পুলিশ আলমবাগের ২২৯ নম্বর তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে ফারজানা এবং তাঁর দুই সন্তান পাবন ও পায়েলের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর দেয়াল লিখন ও পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের কারণে বিষজাতীয় কিছু খেয়ে মা তাঁর দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। আর আত্মহত্যার আগে ক্ষোভের কথাগুলো বাসার দেয়ালজুড়ে লিখে গেছে তারা।