জুরাইনে মা-দুই সন্তানের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৫
জুরাইনে ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের গোয়েন্দা শাখা।আজ ফারজানার শ্বশুর ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, দুই ননদ সুখন কবির ও কবিতা কবিরকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাবের গোয়েন্দা শাখা। গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, এই চারজনকে র্যাবের সদর দপ্তরে রাখা হয়েছে।অন্যদিকে মামলার অন্য আসামি কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান এ তথ্য জানান।এর আগে আজ দেলোয়ার হোসেন পাটোয়ারী আদালতে হাজির হয়ে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আবদুস সামাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিনের আবেদন করেন। তবে আদালত দেলোয়ারের জামিন নামঞ্জুর করেন। আদালত থেকে ফেরার পথে হাইকোর্টের ২ নম্বর গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা পরে প্রথম আলোকে বলেন, জামিন নামঞ্জুর হওয়ায় দেলোয়ারকে গ্রেপ্তারে বাধা নেই।প্রসঙ্গত, ১১ জুন পুলিশ আলমবাগের ২২৯ নম্বর তিনতলা বাড়ির দোতলা থেকে ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে। পরের দিন এ ঘটনায় তাদের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আটজনের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করা হয়।এর আগে এ মামলায় গাড়িচালক আল আমিন ও ওষুধের দোকানদার গাফফারকে গ্রেপ্তার করা হয়েছে।