জুরাইনের অস্বাভাবিক তিন মৃত্যু...
রাজধানীতে প্রতি মাসে কজন খুন হন? কয়টির কথাই বা আমরা মনে রাখতে পারি? পারি না, কারণ একেকটি ঘটনার ভয়াবহতা এমনই, যা আগেরগুলোকে ভুলে যেতে বাধ্য করে। আমাদের কি মনে আছে জুরাইনের আলমবাগের মা ফারজানা রিতা, তাঁর দুই শিশুসন্তান ইশরাক পাবন (১৩), রাইসা রাশমিন পায়েলের (১১) কথা? যারা গত বছর ১১ জুন ‘প্ররোচিত আত্মহত্যা’র কারণে বড় অসময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এ নিয়ে তখন হইচই কম হয়নি। কিন্তু আজ! আমরাও বিস্মৃত হতে বসেছি ওই ঘটনার কথা। ছয় মাস পর মামলার বিচার শুরু হয়েছে। বিশেষ জজ আদালতে ইতিমধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও হয়েছে। তবে নয় আসামির মধ্যে ফারজানার গাড়িচালক আল আমিন ছাড়া সবাই জামিনে বেরিয়ে এসেছেন। আসামিদের জামিনের ব্যাপারে রিতার মা মাজেদা বেগম বলেন, ‘সব আসামির দৃষ্টান্তমূলক সাজা হোক, তবেই আমার শান্তি।’ গত বছরের ১১ জুন রাজধানীর জুরাইন আলমবাগের বাসা থেকে ফারজানা, তাঁর ছেলে ইশরাক পাবন ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও কাগজে লিখে যান তারা। এসব লেখায় সাংবাদিক শফিকুল কবির, তাঁর ছেলে রাশেদুল কবিরসহ পরিবারের সবার নাম ছিল। দেয়ালের লেখায় রাশিদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই—এ কথা লেখা একটি কাগজে জোর করে লিখে নেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছিল। এ ঘটনা নিয়ে রিতার মা রাজধানীর কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে। এ মামলায় তিনি শফিকুল পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। সাত দিন তদন্তের পর মামলাটি তদন্তের ভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ এ ঘটনাটি তদন্তের একপর্যায়ে ঘুমের ওষুধ বিক্রেতা আবদুুল গাফফারকেও গ্রেপ্তার করে।দুই মাস তদন্তের পর গত বছরের ১১ আগস্ট আলোচিত এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এতে নয়জনকে অভিযুক্ত করা হয়। তাঁরা হলেন রিতার স্বামী রাশেদুল কবির, রাশেদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, ননদ কবিতা কবির, সুখন কবির, কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারি, রিতার গাড়িচালক আল আমিন ও ওষুধের দোকানি আবদুুল গাফফার। তাঁদের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যায় সহায়তায় করা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও মনিবের সম্পদ গ্রাস করার অভিযোগ আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মামলাটি ‘সম্ভ্রমহানির কারণে আত্মহত্যা’ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ধারায় দায়ের করা হয়েছিল। কিন্তু তদন্তে এ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে দণ্ডবিধির ৩০৫, ৩০৬ ও ৩৮১ ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, মামলাটি ভুল ধারায় দায়ের করা হয়েছিল। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তি ছাড়াও অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এসব ধারায় আসামিদের সর্বনিম্ন সাত বছর ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।