রাঙামাটির জুরাছড়ি উপজেলার ঘিলাতলী গ্রামে গতকাল রোববার ভোরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম বিজয় সিংহ চাকমা (৩১)। বিজয় পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য।অন্যদিকে, বান্দরবানে গত শনিবার রাতে জনসংহতি সমিতির (জেএসএস) রাজবিলা ইউনিয়ন শাখার সভাপতি মিং সাঅং মারমাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তিনি পালিয়ে যান। এরপর সন্ত্রাসীরা তাঁর ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। ওই দুই ঘটনার জন্য আদিবাসীদের দুই সংগঠন জনসংহতি সমিতি ও ইউপিডিএফ পরস্পরকে দায়ী করেছে। আধিপত্য বিস্তার নিয়ে আদিবাসীদের দুই সংগঠন জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে বিরোধে জুরাছড়ি উপজেলায় এ নিয়ে চলতি বছর সাতজন নিহত হলেন। গত বছর প্রাণ হারান নয়জন।জুরাছড়িতে নিহত বিজয় সিংহ চাকমা রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বাদলছড়ি দুত্যাং গ্রামের রতন্যা চাকমার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ১০-১২ জনের সশস্ত্র দল জুরাছড়ি উপজেলার ঘিলাতলী গ্রামের দামপেদা চাকমার বাড়ি ঘেরাও করে। সকাল সাড়ে ছয়টার দিকে তারা বলে, বাড়িতে কেউ থাকলে বেরিয়ে আসুন। এ সময় বিজয় সিংহ চাকমা বের হলে প্রথমে তাঁর পায়ে গুলি করা হয়। বিজয় মাটিতে লুটিয়ে পড়লে তাঁর বুকে তিনটি গুলি করে সন্ত্রাসীরা চলে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহত বিজয়ের ডান হাঁটুতে একটি এবং বুকে তিনটি গুলির চিহ্ন আছে। এ ঘটনায় হেমন্ত চাকমা নামে নিহতের এক আত্মীয় থানায় মামলা করেছেন। এজাহারে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা জানান, নিহত বিজয় চাকমা তাঁদের সংগঠনের সদস্য। জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরাই বিজয়কে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের কোনো সশস্ত্র দল নেই। কাজেই এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না।জেএসএসের বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়ন শাখার সভাপতি মিং সাঅং মারমা বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে কংজুমাপাড়ায় তাঁর বাড়ি ঘেরাও করে ছয়-সাতজনের সশস্ত্র দল। সন্ত্রাসীরা প্রথমে তাঁকে দরজা খুলতে বলে। তিনি দরজা না খুলে তাদের পরিচয় জানতে চান। তখন বাইরে থেকে দরজার ওপর পরপর দুটি গুলি করা হয়। অবস্থা বেগতিক দেখে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।মিং সাঅং মারমার প্রতিবেশীরা জানান, মিং সাঅং পালিয়ে যাওয়ার পর সন্ত্রাসীরা কেরোসিন ঢেলে তাঁর দোকান ও বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ধানের গোলা, দোকানের মালামাল, বাড়ির মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়।জেএসএসের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উছোমং মারমা বলেন, মিং সাঅংকে হত্যার উদ্দেশ্যে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে।তবে ইউপিডিএফের জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা অভিযোগ অস্বীকার করে বলেন, এটা জেএসএস ও ইউপিডিএফের দ্বন্দ্বের বিষয় নয়। ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে বাঘমারা ও রাজবিলা এলাকার মানুষের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রাইফেল অথবা এসএমজির দুটি গুলির খোসা পাওয়া গেছে।