জুরাছড়িতে ইউপিডিএফের এক সদস্যকে প্রকাশ্যে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় প্রশান্ত চাকমা প্রকাশ স্বর্ণলাল (৩০) নামের পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।স্বর্ণলাল হত্যাকাণ্ডের ঘটনায় জনসংহতি সমিতি জড়িত বলে অভিযোগ করেছেন ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা সভাপতি মহারঞ্জন চাকমা।তবে অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক বোধিসত্ব চাকমা।জুরাছড়ি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আজাদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে স্বর্ণলাল একদল সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছিলেন। তখন তাঁর ডান হাতে গুলি লাগে এবং সন্ত্রাসীরা মৃত ভেবে ফেলে যায়। প্রায় এক মাস আগে স্বর্ণলালের পিতা প্রেমকুমার চাকমাও সন্ত্রাসীর গুলিতে মারা যান। এ ব্যাপারে স্বর্ণলাল বাদী হয়ে জুরাছড়ি থানায় মামলা করেছিলেন।