জুরাছড়িতে গুলিতে ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য গোপাল চাকমাকে (৩০) একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে গোপাল চাকমা কুসুমদড়ি গ্রামে নিজ বাড়ির সামনে একা বসেছিলেন। এ সময় কে বা কারা এসে তাঁকে কাছ থেকে গুলি করে চলে যায়। গুলির শব্দ শুনে তাঁর স্ত্রী নিকো চাকমাসহ বাড়ি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখতে পান গোপাল মাটিতে পড়ে আছেন। গোপাল চাকমা এক মেয়ে ও এক ছেলের জনক।গোপালের আত্মীয়স্বজন জানান, গোপাল পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বাধার মুখে সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এ ছাড়া তাঁর এক ভাই জনসংহতি সমিতির সক্রিয় কর্মী। তবে তিনি কোনো দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানা গেছে। সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কেনন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ঘটনাটি তিনি চেয়ারম্যানের কাছ থেকে শুনেছেন। জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম আগারপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চুক্তির পক্ষের সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) তিন সমর্থক নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছে জনসংহতি সমিতি। নিহত ব্যক্তিরা হলেন ডেভিড চাকমা ওরফে রকি (২৮), হ্লা সুই মারমা (৩০) ও ক্যাচিং থোই মারমা (২২)।