জুরাছড়িতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্যচুক্তির পক্ষ ও বিপক্ষ সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধে সুপায়ন চাকমা (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সুপায়ন পার্বত্যচুক্তি-বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য এবং রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মাচ্যছড়া গ্রামের অধিরঞ্জন চাকমার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভেতর বালুখালী গ্রামের উগাইয়াছড়া এলাকায় বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্দুুকযুদ্ধ চলে। খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আজ সকালে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে।ইউপিডিএফের প্রচার বিভাগের রাঙামাটি জেলা প্রধান সোনামণি চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপায়ন তাঁদের দলের নিরস্ত্র সদস্য। জনসংহতি সমিতির সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে সুপায়নকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। তবে জনসংহতি সমিতি ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ওই এলাকায় যাওয়ার পর সারা রাত সেখানে ছিল। আরও লাশ পাওয়া যায় কি না, সে জন্য ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালানো হচ্ছে।