জুরাছড়িতে পার্বত্য চুক্তিবিরোধী নেতা অপহূত
পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের নেতা রূপেন্দু চাকমাকে অপহরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ।রূপেন্দু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের জুরাছড়ি উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক।ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা জানান, গতকাল রাতে রূপেন্দু চাকমাকে বনযোগীছড়া ইউনিয়নের চৌমুহনীর নিজবাড়ি থেকে অপহরণ করা হয়। রাত পৌনে ১০টার দিকে জনসংহতি সমিতির ১০-১৫ জনের একটি সশস্ত্র দল এসে রূপেন্দু চাকমার বাড়ি ঘেরাও করে। পরে তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।তবে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সহসম্পাদক সজীব চাকমা জানান, অপহরণ ঘটনাটি তাঁদের জানা নেই।রূপেন্দুর পারিবারিক সূত্রে জানা গেছে, বিষয়টি স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে জানানো হয়েছে।তবে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ঘটনাটি পুলিশকে এখনো জানানো হয়নি বলে জানান।