জুরাছড়িতে পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে আদিবাসীদের মধ্যে গতকাল শনিবার সকালে আবারও সংঘর্ষ হয়েছে। চুক্তির পক্ষের লোকজন জানিয়েছেন, সংঘর্ষে তাঁদের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। বিরোধী পক্ষের দাবি, তাঁদের চারজনকে হত্যা ও দুজনকে জখম করা হয়েছে। তবে পুলিশ বলছে, স্থানীয় লোকজন হতাহতের ব্যাপারে তাদের কিছুই বলেনি।চুক্তিবিরোধীদের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে নিহত হয়েছেন লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের দোজর গ্রামের পুনংচান চাকমার ছেলে রূপায়ণ চাকমা ওরফে তপন (১৮), জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের লক্ষ্মীমন্য চাকমার ছেলে সোহাগ চাকমা (১৬), একই গ্রামের মৃত দিলস্নীরাজ চাকমার ছেলে লক্ষ্মী চন্দ্র চাকমা ওরফে রড়বিজে (২৭) এবং বেগাবেক্কে গ্রামের অর্শনী চাকমার ছেলে পূর্ণচন্দ্র চাকমা (৩৫)। আর আহত দুজন হলেন বনযোগীছড়া ইউনিয়নের কংকন চাকমা (২২) ও জুরাছড়ি সদর ইউনিয়নের সুভাষ বিজয় চাকমা (২৭)।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে চুক্তির পক্ষের ওই ছয় ব্যক্তি উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে বনযোগীছড়া ইউনিয়নের ডানেপানছড়ি গ্রামে রাত যাপন করেন। সকালে ওই গ্রাম ছাড়ার পথে পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চুক্তিবিরোধীদের হামলার মুখে পড়েন। দুই পক্ষে প্রায় ১৫ মিনিট সংঘর্ষে কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে সকালেই পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যান।নিহত ব্যক্তিদের মধ্যে রূপায়ণ চাকমা ওরফে তপন এবং সোহাগ চাকমার আত্মীয়রা জানিয়েছেন, চুক্তির পক্ষের লোকজন তাঁদের লাশ নিয়ে আসার কথা বলেছে।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে জানান, এলাকার অধিকাংশ বাড়ি মানুষশূন্য। কয়েকটি বাড়িতে কিছু মানুষ রয়েছে। সেনা ও পুলিশের যৌথ দল আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছে। তবে কোনো লাশ পাওয়া যায়নি। জুরাছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একজন জনপ্রতিনিধির কাছ থেকে দুজন নিহত হওয়ার খবর শুনেছেন বলে তিনি জানান।আধিপত্য বিস্তার নিয়ে জুরাছড়িতে দীর্ঘদিন ধরে পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে আদিবাসীদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এর আগে সর্বশেষ ২ মে উপজেলার লেবারপাড়ায় প্রশান্ত চাকমা ওরফে স্বর্ণলাল নামের চুক্তিবিরোধী একজনকে হত্যা করা হয়।