খুব শিগগির রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বিশেষ অভিযান শুরু হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের আতঙ্ক বেড়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।এদিকে গত শুক্রবার সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববার জুরাছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন নিহত নিরঞ্জয় চাকমার স্ত্রী মিনু চাকমা। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে নিহত তিনজনের লাশ গতকাল ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন ও রাঙামাটি আঞ্চলিক সদর দপ্তরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন ঘটনাস্থল মৈদং ইউনিয়নের বস্তিপাড়ায় যেতে পারেন বলে জানা গেছে। সেখানে গতকাল থেকে সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান রয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, জুরাছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। সূত্র জানায়, গত এক বছরে সেখানে পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষ আদিবাসীদের মধ্যে কমপক্ষে ১৫ থেকে ২০টি সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষে মারা গেছে কমপক্ষে ২০ জন। এ ছাড়া প্রতিনিয়ত ঘটছে অপহরণ ও চাঁদাবাজির ঘটনা। এ ব্যাপারে জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার মাসুদ-উল হাসান জানান, জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলছে। বিশেষ অভিযান পরিচালনার বিষয়টি তাঁর জানা নেই। গতকাল অনুষ্ঠিত জুরাছড়ি উপজেলা বিশেষ আইনশৃঙ্খলা সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণ সহযোগিতা না করলে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনীর প্রতিনিধি মেজর শাহরিয়ার বলেন, সেনাক্যাম্প প্রত্যাহারের পর থেকে টহল পরিচালনা কষ্টকর হয়ে পড়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে।এ সময় জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা জানান, বিবদমান জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করতে না পারলে এখানে আলোচনা করে লাভ নেই। দুই পক্ষের সমঝোতা আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে পারবে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা বলেন, ইউপিডিএফও পার্বত্য চুক্তির বাস্তবায়ন চায়। কিন্তু বেশ কিছু বিষয়ে মতভেদ থাকায় জনসংহতি সমিতির সঙ্গে তাদের বিরোধ চলছে। ইউএনও আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, মৈদং-এ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গতকাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়েছে। ওই হত্যাকাণ্ডের পরে যেন প্রতিশোধমূলক ঘটনা না ঘটে, সে ব্যাপারে এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান।