জুরাছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য ঘটনাস্থলে নিহত এবং এক জেলে আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন, সদর ইউনিয়নের কিয়াংপাড়ার রাজু চাকমা (২৭) ও ছোট পানছড়ির দেমপেদা চাকমা (১৮)। এ ছাড়া লক্ষ্মীরাজ চাকমা (৪০) নামের এক জেলে আহত হয়েছেন। জুরাছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজু চাকমা ইউপিডিএফের সদস্য ও অটোরিকশাচালক। গতকাল উপজেলার রাস্তামাথা এলাকার লঞ্চঘাট থেকে তিনি তাঁর অটোরিকশায় কয়েকজনকে নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে অটোরিকশাটি বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া আমতলা এলাকায় পৌঁছালে পাঁচ থেকে সাতজন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁরা অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা দুদিক থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই রাজু ও দেমপেদা মারা যান। আহত হন লক্ষ্মীরাজ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালাচ্ছেন। জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল রাতে ঘটনাস্থল থেকে জানান, তিনি স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বোধিস্বত্ব চাকমা বলেছেন, তাঁদের সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত নন।