জুলফিকারকে ধরতে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র‌্যাব-৭-এর তত্কালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার ময়মনসিংহ সেনানিবাসের ফটক থেকে পালিয়ে গেছেন।পুলিশ সূত্র জানায়, জুলফিকার ৩০ এপ্রিল সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। ওই দিন রাতে তাঁর কর্মস্থল আর্মি রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে বের হয়ে তিনি আত্মগোপন করেন।ময়মনসিংহের পুলিশ জানায়, জুলফিকারকে গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ৩০ এপ্রিল রাত ১১টা পর্যন্ত সেনানিবাসের ফটকে অবস্থান করে ফিরে আসেন। এরপর তাঁকে খুঁজতে ভাষানটেকের বাসায় অভিযান চালানো হয়। এখন ফরিদপুরে তাঁর শ্বশুরবাড়িতে খোঁজ শুরু করেছে পুলিশ।চট্টগ্রামের আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) ও ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, জুলফিকার আলীকে পুলিশের হাতে তুলে দিতে এর আগে সেনা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। চাকরিচ্যুতির খবর পেয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানার ওসি ৩০ এপ্রিল জুলফিকারের কর্মস্থলে যান। তিনি জুলফিকারকে তাঁর হাতে সোপর্দ করতে অনুরোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সোপর্দ না করায় তিনি ফিরে আসেন।জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি প্রথম আলোকে বলেন, রাত ১১টা পর্যন্ত তিনি সেনানিবাসের ফটকে বসে ছিলেন। ১১টায় সেনানিবাস থেকে তাঁকে জানানো হয়, জুলফিকার চাকরিচ্যুত হয়েছেন। এরপর তিনি কোথায় গেছেন তা তাঁরা জানেন না।মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়। ওই দিন বিকেলে এ-সংক্রান্ত আদেশ আর্টডকের জিওসির কাছে পাঠানো হয়। পরিকল্পনা ছিল, কর্মস্থল থেকে বের হওয়ার পথে জুলফিকারকে গ্রেপ্তার করা হবে।আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র‌্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে ডাকাতির মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র‌্যাব সদস্য ও দুজন র‌্যাবের সোর্স। আসামিরা হলেন: লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার, ফ্লাইট লে. শেখ মাহমুদুল হাসান, সুবেদার আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, এএসআই হাসানুজ্জামান, নায়েক জাহাঙ্গীর হোসেন, ল্যান্স নায়েক লিটন মিয়া, নায়েক সুমন চন্দ্র দে, সৈনিক আশরাফ উদ্দিন, ল্যান্স করপোরাল জসিম উদ্দিন, সোর্স দিদার উল ইসলাম ও আনোয়ার মিয়া।আসামিদের মধ্যে তরুণ কুমার বসু, আবুল বাশার ও দিদারুল আলম গ্রেপ্তার হয়েছেন। তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া পরিচালকের গাড়িচালক হাসানুজ্জামান ও দেহরক্ষী ইব্রাহিম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। এঁদের জবানবন্দিতে জুলফিকার ও মাহমুদুল হাসানের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়ার পর তাঁদের গ্রেপ্তারের তত্পরতা শুরু করে পুলিশ।সূত্র জানায়, ডাকাতির ঘটনার পর র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি এ ঘটনা তদন্ত করে। তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্টদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। একই ঘটনায় অভিযুক্ত বিমানবাহিনীর কর্মকর্তা শেখ মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়। তবে ওই আদালতের কার্যক্রম এখনো শেষ হয়নি বলে জানা গেছে।তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলো একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।