জুলাইতেও ভারত থেকে বিদ্যুৎ আসছে না
ভারত থেকে বিদ্যুৎ আমদানি আবার পিছিয়ে যাচ্ছে। গত বছরের (২০১২ সাল) মধ্যে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার কথা ছিল। পরে নতুন সময় নির্ধারিত হয় এ বছরের জুলাই মাস। এখন আগামী জুলাই মাসেও বিদ্যুৎ আমদানি শুরু হওয়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। অনিশ্চয়তার কারণ মূলত ভারতীয় অংশে অবকাঠামো নির্মাণ না হওয়া। সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, বাংলাদেশ অংশের কাজ ভারতের তুলনায় অনেক এগিয়ে আছে। তবে আমদানি পিছিয়ে যাওয়ায় তেলচালিত ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উচ্চমূল্যের বিদ্যুতের ওপর বাংলাদেশকে আরও বেশি দিন নির্ভরশীল থাকতে হবে। ভারতের সরকারি খাত থেকে ২৫০ মেগাওয়াট এবং পরে বেসরকারি খাত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আছে সরকারের। এ ব্যাপারে সব চুক্তিপত্রও সই হয়েছে। বিদ্যুৎ আমদানির জন্য ভারতের বহরমপুরে একটি সুইচিং স্টেশন, ভারতীয় অংশে প্রায় ৭১ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন এবং বাংলাদেশের ভেড়ামারায় ৪০০ কেভি সঞ্চালন উপকেন্দ্র ও প্রায় ২৭ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু হয় ২০১১ সালে। এর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের ২৭ কিলোমিটার লাইনের পুরোটাই নির্মাণ শেষ হয়েছে। উপকেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে প্রায় ৮০ শতাংশ। ওই উপকেন্দ্র থেকে দেশের ভেতর ২৩০ কেভি ক্ষমতার সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করতে যে ১৫টি টাওয়ার নির্মাণ করতে হবে, তার মধ্যে আটটির কাজও শেষ হয়েছে।ভারতীয় অংশে সুইচিং স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ৭১ কিলোমিটার সঞ্চালন লাইনের মধ্যে দুটি টাওয়ার নির্মাণ এবং ২০ কিলোমিটার বৈদ্যুতিক তার বসানো এখনো বাকি আছে। এই কাজের জন্য আগামী মাসের (জুন) ১৫ তারিখ পর্যন্ত সময় নির্ধারিত আছে। তবে ভারতীয় অংশে টাওয়ারের জন্য জমি অধিগ্রহণে এখনো কিছুটা সমস্যা রয়ে গেছে। এসব কাজ ১৫ জুনের মধ্যে শেষ করা সম্ভব হবে না বলে সরকারি সূত্রগুলো জানায়। বাংলাদেশ সরকারের পক্ষে বিদ্যুৎ আমদানির প্রকল্পটি তত্ত্বাবধান করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। জানতে চাইলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক জামাল উল্লাহ বলেন, প্রকল্পের বাংলাদেশ অংশের সব কাজ এ মাসের মধ্যে শেষ হবে। ভারতীয় অংশের কাজ শেষ করার সময় আগামী ১৫ জুন নির্ধারিত আছে। এসব কাজ শেষে বিদ্যুৎ আমদানি শুরু করার আগে সমগ্র অবকাঠামো পরীক্ষামূলকভাবে প্রায় এক মাস চালু রাখতে হবে। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভারতের বেসরকারি খাত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য আহূত দরপ্রস্তাব ২৮ মে গ্রহণ করা হবে। এরপর সরকারি ক্রয়-প্রক্রিয়া অনুযায়ী সর্বনিম্ন দরপ্রস্তাবকারীর কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে আলাপ-আলোচনা শুরু করা হবে। এ বছরের মধ্যেই ওই ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করা যাবে বলে আশাবাদী তিনি।