জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাই মাসে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি কমেছে। ‘পয়েন্ট টু পয়েন্ট’ভিত্তিতে (আগের বছরের একই সময়ের তুলনায়) জুলাই মাসে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ০৩ শতাংশ। জুনে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৬ শতাংশ।আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (বিবিএস) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জুলাই মাসের মূল্যস্ফীতির হার ঘোষণা করেন ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। সঙ্গে ছিলেন পরিচালক সত্য রঞ্জন মণ্ডল ও যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ।এবারই প্রথমবারের মতো নতুন ভিত্তিবছরে (২০০৫-০৬ অর্থবছর) মূল্যস্ফীতির হারও প্রকাশ করেছে বিবিএস। ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৫ দশমিক ২১ শতাংশ।বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বলেন, জুনের তুলনায় জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১ দশমিক ৭৬ শতাংশ ও দশমিক ৮৯ শতাংশ। চালসহ কিছু পণ্যের দাম কমায় এবং ডাল, মাছ, সবজি, ভোজ্যতেল ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় বেড়েছে। একইভাবে কাপড়, বাড়িভাড়া, আসবাব ও চিকিত্সাসেবার মূল্য বাড়ায় খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি বেড়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৩০ শতাংশ ও ১১ দশমিক ৫৪ শতাংশ। গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। আর শহরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৮৫ শতাংশ।