প্রথমবারের মতো ভূ-তাত্ত্বিক জরিপ হয়েছে মার্চে
জুলাইয়ের আগেই মহীসোপানের দাবি উপস্থাপনের প্রস্তুতি চলছে
সমুদ্রসীমা নির্ধারণের লক্ষ্যে জাতিসংঘে মহীসোপানের দাবি উপস্থাপনে বাংলাদেশের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তার আগেই দাবিনামা জমা দেওয়ার প্রস্তুতি চলছে। ভূ-তাত্ত্বিক জরিপ শেষে এখন তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ প্রয়োজনীয় বাকি কাজ চলছে পুরোদমে।ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা মনে করছেন, ওই জরিপের তথ্য-উপাত্ত বাংলাদেশের দাবি আদায়ে সহায়ক ভূমিকা রাখবে।এদিকে পূর্ব ও পশ্চিমের সমুদ্রসীমানার নিষ্পত্তিতে সালিস আদালতে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে এই দুপাশের বিরোধ নিষ্পত্তির জন্য ইতিমধ্যে সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালে সালিসের প্রক্রিয়া শুরু হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘মহীসোপানের দাবির বিষয়ে আমাদের প্রস্তুতি যথেষ্ট সন্তোষজনক। নির্ধারিত সময়ের কিছুটা আগেই কাজ শেষ করার ব্যাপারে আমরা আশাবাদী। সে ক্ষেত্রে চূড়ান্ত সময়সীমার আগেই জাতিসংঘের মহীসোপানবিষয়ক কমিশনের (কমিশন অন দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেলফ্-সিএলসিএস) কাছে দাবি উপস্থাপনের বিষয়টি বিবেচনা করছি।’বাংলাদেশের জন্য জাতিসংঘের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে আগামী বছরের জুলাই মাসে।অন্যদিকে সমুদ্রসীমার দুপাশের সীমানা নির্ধারণের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত সচিব কর্মকর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে এখন সমুদ্রসীমাবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অন দ্য ল ফর দ্য সি-ইটলস) সালিস চলছে। আশা করছি, আগামী কয়েক বছরের মধ্যে সালিসের চূড়ান্ত নিষ্পত্তি হবে।সালিস আদালতের প্রক্রিয়া: সমুদ্রসীমার বিরোধ নিয়ে দুই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের আলোচনা ১৯৮০-এর দশকের পর বন্ধ ছিল। দীর্ঘ প্রায় তিন দশক বিরতির পর গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে আবার শুরু হয় আলোচনা। প্রায় দুই বছর আলোচনার পর কোনো সমাধানের আভাস না মেলায় গত বছরের অক্টোবরে জাতিসংঘের সালিস আদালতে যায় বাংলাদেশ।সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় ভারত ও মিয়ানমারের নৌযানের উপস্থিতি নিয়ে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। ২০০৮ সালের নভেম্বরে মিয়ানমার নৌবাহিনীর জাহাজের ছত্রছায়ায় বিরোধপূর্ণ সমুদ্রসীমায় খনিজ অনুসন্ধানকারী নৌযান পাঠালে বাংলাদেশও জাহাজ পাঠায়। এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। চীনের হস্তক্ষেপে মিয়ানমারের সঙ্গে উত্তেজনা নিরসন হয় বলে মনে করা হয়ে থাকে। অন্যদিকে ভারতও বিরোধপূর্ণ সমুদ্রসীমায় জরিপ জাহাজ পাঠিয়েছিল।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সালিসে যাওয়ার সিদ্ধান্তটি ছিল যথেষ্ট সময়োপযোগী। কারণ ওই সময়ে সিদ্ধান্তটি না নিলে সালিসে যাওয়ার সুযোগ হারাত বাংলাদেশ। কারণ এর আগেই তিনটি আদালত—জাতিসংঘের আর্বিট্রাল ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ও স্পেশাল আর্বিট্রাল ট্রাইব্যুনাল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় মিয়ানমার ও ভারত। আর জাতিসংঘের সমুদ্রসীমা আইন অনুযায়ী এক পক্ষ কোনো আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে অন্য পক্ষের সালিসে যাওয়ার সুযোগ থাকে না।বাংলাদেশ সালিস আদালতে যাওয়ার পর গত জানুয়ারি মাসে বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিসের কাজ শুরু করে ইটলস। ট্রাইব্যুনাল বিষয়টি সুরাহার জন্য যে সময়সীমা নির্ধারণ করেছে, তাতে দুই দেশের প্রতিনিধিরা সম্মতি দেন। সে অনুযায়ী বাংলাদেশ গত ১ জুলাই তার দাবি পেশ করেছে। আর বাংলাদেশের দাবির বিরুদ্ধে মিয়ানমার এর ছয় মাস পর পাল্টা দাবি তুলে ধরবে। আবার মিয়ানমারের বক্তব্যের পাল্টা বক্তব্য বাংলাদেশকে ২০১১ সালের ১৫ মার্চের মধ্যে উপস্থাপন করতে হবে। আর বাংলাদেশের ওই বক্তব্যের বিষয়ে ভিন্নমত উপস্থাপনের জন্য মিয়ানমারের জন্য চূড়ান্ত সময়সীমা ২০১১ সালের ১ জুলাই। দুই পক্ষের বক্তব্য ও পাল্টা বক্তব্যের পর সে বছরই শুনানি শুরু হবে। শুনানি শেষে চূড়ান্ত রায় হতে দুই বছর লাগতে পারে।অন্যদিকে, বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বছরের মে মাসে সময়সূচি নির্ধারণ করে দেয় ট্রাইব্যুনাল। সে অনুযায়ী বাংলাদেশ আগামী বছরের মে মাসে তার দাবি উপস্থাপন করবে। সেই দাবির বিষয়ে ভারত পাল্টা বক্তব্য উপস্থাপন করবে ২০১২ সালের মে মাসে। এরপর শুনানি শুরু হবে, যা শেষ হতে তিন থেকে পাঁচ বছর লাগবে।মহীসোপানের দাবি উপস্থাপনের প্রস্তুতি: কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সম্ভাব্য দাবি করা মহীসোপান এলাকায় নিজেদের দাবি উপস্থাপনের জন্য ভারত দুবার ও মিয়ানমার একবার বিশেষ ভূ-তাত্ত্বিক জরিপ চালিয়েছে। দেশ দুটি জাতিসংঘে নিজেদের দাবির পক্ষে যেসব যুক্তি উত্থাপন করেছে, তা বিশ্লেষণে দেখা গেছে, তারা ভূ-তাত্ত্বিক জরিপের পর সিএলসিএসের নির্দেশনা অনুযায়ী দাবি তুলে ধরেছে।স্থানীয় কূটনৈতিক সূত্রের অভিমত, এই পরিস্থিতিতে জাতিসংঘের কাছে মহীসোপানের বিষয়ে বাংলাদেশের যে অবস্থানপত্র উপস্থাপন করা হবে তা বৈজ্ঞানিক ও কারিগরি দিক থেকে সুদৃঢ় হতে হবে। এ জন্য ব্যাথিমিট্রিক ও ভূ-তাত্ত্বিক জরিপ চালানো অপরিহার্য। বাংলাদেশ নৌবাহিনী প্রথম জরিপটি চালাতে পারলেও পরের পদ্ধতির জরিপের জন্য বিদেশি সহায়তার প্রয়োজন হয়। সূত্র জানায়, বাংলাদেশের দাবি উপস্থাপনের জন্য প্রায় চার হাজার কিলোমিটার এলাকায় ভূ-তাত্ত্বিক জরিপ চালানো হয়েছে। প্রতি কিলোমিটারের জন্য আড়াই হাজার ডলার প্রাক্কলিত ব্যয় ধরে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য ৭০ কোটি টাকা এবং তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। সরকার ওই অর্থ বরাদ্দ দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কয়েক মাস আগে কাজ শুরু হয়। নেদারল্যান্ডের একটি সংস্থা এ কাজ করে। প্রাথমিক উপাত্ত বিশ্লেষণের কাজ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার তিনটি সংস্থা। আগামী নভেম্বরেই বাংলাদেশের কাছে জরিপের চূড়ান্ত ফলাফল আসবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।নিজ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রয়াসে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ১৯৭৪ সালে সমুদ্রসীমাবিষয়ক একটি আইন প্রণয়ন করে। এ আইন অনুযায়ী বাংলাদেশ ১২ মাইল সমুদ্র এলাকা, অতিরিক্ত ১৮৮ মাইল বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও মহীসোপান বঙ্গোপসাগরের উপকূলে পাওয়ার দাবি করে।অন্যদিকে, ভারত ও মিয়ানমার যথাক্রমে ১৯৭৬ ও ১৯৭৭ সালে একই ধরনের আইন প্রণয়ন করে।বাংলাদেশের সমুদ্র অঞ্চলের দাবির বিষয়ে দুপাশের দুটি আড়াআড়ি লাইনের কারণে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিষয়টির সুরাহা না হওয়ায় গভীর সমুদ্রে তেল-গ্যাসসহ খনিজ অনুসন্ধান করতে পারছে না বাংলাদেশ।