জুলিয়া গিলার্ড হলেন অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল কেভিন রুডকে সরিয়ে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে। এর ফলে গিলার্ডই দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পরাজয় এড়াতে দলটি প্রধানমন্ত্রী বদলের এ পদক্ষেপ নিয়েছে। কেননা, সম্প্রতি পরিচালিত কয়েকটি মতামত জরিপে দেখা যায়, ক্ষমতাসীন লেবার পার্টির জনসমর্থন অনেক কমে গেছে।লেবার পার্টির মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, গিলার্ড আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এক সভায় কোনো বিরোধিতা ছাড়াই পার্লামেন্টে লেবার পার্টির ১১২ সদস্যের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর আগে কেভিন রুড সভায় তাঁর পদত্যাগপত্র জমা দেন। ওই মুখপাত্র আরও জানান, ওই সভায় বর্তমান অর্থমন্ত্রী ওয়েন সোয়ান ডেপুটি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।ওয়েলসের ব্যারি দ্বীপে জন্মগ্রহণকারী গিলার্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ হবে একটি আনুষ্ঠানিকতা মাত্র।দলীয় সভায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর ক্যানবেরায় পার্লামেন্ট ভবন থেকে বের হয়ে গিলার্ড সাংবাদিকদের বলেন, ‘আমি বেশ সম্মানিত বোধ করছি। শিগগিরই আমি একটি পূর্ণ বিবৃতি দেব।’রাজনৈতিক ভাষ্যকারেরা মনে করেন, গিলার্ড অস্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতিতে, বিশেষ করে আফগানিস্তানে সেনা পাঠানোর প্রতিশ্রুতির ক্ষেত্রে পরিবর্তন আনবেন। ২০০৭ সালের সাধারণ নির্বাচনে লিবারেল সরকারের বিপরীতে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দানকারী রুড তাঁর বিরুদ্ধে দলের বেশ কয়েকজন স্বার্থান্বেষী নেতার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।