জুলিয়া গিলার্ডকে ‘ভীরু’ বললেন অ্যাসাঞ্জ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে ‘ভীরু’ বলে অভিহিত করেছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সাংবাদিকতায় অসাধারণ অবদান রাখায় গতকাল রোববার অস্ট্রেলিয়ায় ওয়াকলে অ্যাওয়ার্ড পেয়েছে উইকিলিকস। ওই অনুষ্ঠানে এক ভিডিও ভাষণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে অ্যাসাঞ্জ এ মন্তব্য করেন।মার্কিন গোপন তার বার্তা নিয়ে প্রতিবেদন করায় উইকিলিকসকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়। সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি নিরপেক্ষ বিচারক প্যানেল উইকিলিকসকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন। ওয়েবসাইটটি সম্পর্কে ওয়াকলের ট্রাস্টি বলেছে, সরকারের গোপন কর্মকাণ্ড প্রকাশ করতে উইকিলিকস নতুন প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। এ ছাড়া সাংবাদিকতায় উইকিলিকসের অবদান ও সাহসিকতারও ভূয়সী প্রশংসা করেছে তারা।এদিকে অ্যাসাঞ্জ বলেছেন, উইকিলিকসের ব্যাপারে মার্কিন চাপ মোকাবিলা করতে গিয়ে গিলার্ড সরকারের আসল রূপ বেরিয়ে গেছে। অ্যাসাঞ্জ আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার সাংবাদিকেরা সাহসী। অস্ট্রেলিয়ার জনগণও সাহায্যপ্রবণ। কিন্তু জুলিয়া গিলার্ড একজন ভীরু স্বভাবের অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।’ অস্ট্রেলিয়ার জনগণের উদ্দেশে অ্যাসাঞ্জ বলেন, ‘আমাদের বিচ্ছিন্ন হওয়া চলবে না। আমরা যতক্ষণ বলতে পারব, আমরা যতক্ষণ তথ্য প্রকাশ করতে পারব এবং যতক্ষণ ইন্টারনেট মুক্ত থাকবে, সত্যের অস্ত্রে আমরা আমাদের ফিরে আসার যুদ্ধ চালাব।’বিপুল পরিমাণ মার্কিন গোপন দলিল প্রকাশ করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তোলে ভিন্নধারার সংবাদমাধ্যম উইকিলিকস। তবে সুইডেনে যৌন হয়রানির অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে ব্রিটেনে পালিয়ে যান তিনি। অবশ্য ২০১০ সালে তাঁর বিরুদ্ধে এই যৌন হয়রানির অভিযোগ ওঠার পর থেকে অ্যাসাঞ্জ ব্রিটেনে এক অর্থে গৃহবন্দীই ছিলেন। সম্প্রতি লন্ডনের হাইকোর্ট অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছেন। যদিও এ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন অ্যাসাঞ্জ ।