জুলিয়ান অ্যাসাঞ্জ: এখনো বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে আরও ১০ লাখের বেশি গোপন নথি ফাঁস করবে গোপনীয়তা-বিরোধী ওয়েবসাইট উইকিলিকস। ১৯ ডিসেম্বর রাতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের ঝুলবারান্দায় দাঁড়িয়ে বাইরে সমবেত শ দুয়েক সমর্থকের সামনে এ কথা ঘোষণা করেন ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ওই দিনই ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়ার ছয় মাস পূর্ণ হয় তাঁর।২০১২ সালজুড়েই বিভিন্ন কারণে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন অ্যাসাঞ্জ। বিশ্বে বছরের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম।২০১০ সালের গ্রীষ্মে সুইডিশ আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগে মামলা হয়। অ্যাসাঞ্জ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটা তাঁর সত্য প্রকাশের অগ্রযাত্রা থামানোর ষড়যন্ত্র। মার্কিন কূটনৈতিক গোপন তারবার্তাসহ লাখ লাখ গোপনীয় নথিপত্র ফাঁস করে উইকিলিকস যখন বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, তখন অ্যাসাঞ্জকে বেকায়দায় ফেলে সুইডেনের মামলা। ২০১০ সালের ডিসেম্বরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে গ্রেপ্তার হন। এক সপ্তাহ কারাবাসের পর কঠোর শর্তে জামিনে মুক্তি পান। এক ব্রিটিশ বন্ধুর বাড়িতে গৃহবন্দী অবস্থায় দেড় বছর কাটানোর পর ২০১২ সালের জুনের প্রথম সপ্তাহে ব্রিটিশ সুপ্রিম কোর্ট রায় দেন, তাঁকে সুইডেনে প্রত্যর্পণ করতে হবে। প্রত্যর্পণ এড়াতে তিনি ১৯ জুন ঢুকে পড়েন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে এবং দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। প্রায় দুই মাস পর ১৬ আগস্ট ইকুয়েডর সরকার ঘোষণা করে, তারা অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁকে লন্ডন থেকে নিরাপদে ইকুয়েডরে যেতে দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ জানায়। কিন্তু ব্রিটিশ সরকার ক্ষিপ্ত হয়ে বলে, অ্যাসাঞ্জ ওই দূতাবাস ভবনের বাইরে বের হওয়ামাত্র ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে। ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণ করা ব্রিটিশ সরকারের আইনগত বাধ্যবাধকতা এবং তারা তা করবে। সেই থেকে অ্যাসাঞ্জ ওই দূতাবাসেই রয়ে গেছেন। সেখানে ইতিমধ্যে তাঁর ছয় মাস পেরিয়ে গেছে।১৯ ডিসেম্বর ইকুয়েডর দূতাবাসের ঝুলবারান্দায় দাঁড়িয়ে অ্যাসাঞ্জ তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমার স্বাধীনতা সীমিত হলেও আমি কাজ করে যেতে ও সবার সঙ্গে যোগাযোগে সক্ষম। ছয় মাস আগে যখন এই দূতাবাসে প্রবেশ করি, তখন থেকে এটা আমার বাড়ি, দপ্তর আর আশ্রয়স্থল। ইকুয়েডর সরকারের এই নৈতিক অবস্থান ও সে দেশের জনগণের সমর্থনের জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। এই দূতাবাসে আমি নিরাপদ এবং এখান থেকে নিরাপদে কথা বলতে পারছি।’মাঝখানে তাঁর ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ার কথা শোনা যায়। কিন্তু অসুস্থতা ও মানসিক চাপ সত্ত্বেও তিনি হতোদ্যম নন। শরিফুল ইসলাম ভূঁইয়া