জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাগারের আলাদা ইউনিটে স্থানান্তর
নিরাপত্তার কথা বিবেচনা করে উইকিলিকস-প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনের ওয়ার্ডসওয়ার্থ কারাগারের আলাদা ইউনিটে স্থানান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁর আইনজীবী দলের সদস্য জেনিফার রবিনসন এ তথ্য জানান। রবিনসন জানান, নিরাপত্তার জন্য কারা কর্তৃপক্ষ সম্ভবত তাঁকে আলাদা ইউনিটে রেখেছে। তবে তিনি অভিযোগ করেন, কারাগারে অ্যাসাঞ্জের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা রাখা হয়নি। বাইরে ফোন করতে অ্যাসাঞ্জকে সমস্যায় পড়তে হচ্ছে। রবিনসন আরও অভিযোগ করেন, অ্যাসাঞ্জকে জেলের ভেতর ল্যাপটপ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অথচ তিনি হাতে লিখতে অসুবিধা বোধ করেন। এ ব্যাপারে তাঁরা আইনি আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। এদিকে জুলিয়ান অ্যাসাঞ্জকে আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো লন্ডনের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। দুই মহিলাকে ধর্ষণ ও নিগ্রহের অভিযোগ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। —দি টাইমস অব ইন্ডিয়া