সুন্দরবনের করমজলে দেশের একমাত্র লোনাপানির কুমির প্রজননকেন্দ্রে একটি কুমিরের ডিম থেকে এবার ২০টি বাচ্চার জন্ম হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বাচ্চাগুলোর জন্ম হয়। ১৫-১৬ ঘণ্টা নিবিড় পরিচর্যায় রাখার পর গতকাল মঙ্গলবার সকালে বাচ্চাগুলো কেন্দ্রের লালন-পালন প্যানে ছেড়ে দেওয়া হয়েছে।বন বিভাগ সূত্র জানায়, কুমির ‘জুলিয়েট’ গত ৮ মে প্রজননকেন্দ্রে ৪২টি ডিম দেয়। ৮৫ দিন তা দেওয়ার পর সোমবার ওই ডিমগুলোর ২০টি ফুটে বাচ্চা হয়। এই কেন্দ্রে ২০০৫ সালে ১৯টি ডিমের মধ্যে ১৬টি, ২০০৬ সালে ৩৬টির ২৬টি, ২০০৭ সালে ৪১টির মধ্যে ২৯টি, ২০০৮ সালে ৪১টির মধ্যে ৩০টি ও ২০০৯ সালে ৪১টির মধ্যে ২৭টি ফুটে বাচ্চা হয়। সূত্র জানায়, বিলুপ্তপ্রায় লোনাপানির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের জন্য ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজলে বন বিভাগের উদ্যোগে এই প্রজননকেন্দ্র গড়ে তোলা হয়। শুরুতে পাঁচটি কুমির নিয়ে কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। এখানে ছোট-বড় মিলিয়ে লোনাপানির ১৩২টি এবং মিঠাপানির দুটি কুমির ছিল। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আইলার আঘাত হানার সময় জলোচ্ছ্বাসে করমজল কুমির প্রজননকেন্দ্রে থাকা ১৩৪টি কুমিরের মধ্যে ৬১টি ভেসে যায়। প্রজনন বৃদ্ধি ও বিলুপ্তি রোধের উদ্দেশ্যে সম্প্রতি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ করমজল লালন-পালন কেন্দ্রের দুটি কিশোর বয়সী কুমির পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া খালে অবমুক্ত করেন।২০০৫ সালে ভারত সরকারের দেওয়া ৪০টি মিঠাপানির কুমিরের মধ্যে দুটি রয়েছে করমজলের এই প্রজননকেন্দ্রে। কিন্তু পুরুষ কুমির না থাকায় ওই কুমির দুটির প্রজনন হচ্ছে না।প্রজননকেন্দ্রের দায়িত্বে থাকা কুমির বিশেষজ্ঞ আ. রব জানান, ভ্রূণের মৃত্যু ও পুরুষ কোষবিহীন হওয়ায় এবং তাপমাত্রার তারতম্যের কারণে এবার ২২টি ডিম নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, সরঞ্জামসহ প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে কুমিরের বাচ্চা ফোটানোর কাজ বিঘ্নিত হচ্ছে। নতুন করে সরঞ্জামাদি সরবরাহ করা হলে শতভাগ বাচ্চা ফোটানো সম্ভব হবে। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দে প্রথম আলোকে বলেন, কুমির লালন-পালনে এই প্রজননকেন্দ্রের জন্য সরকারি যে বরাদ্দ পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।