জুলুমবাজ সরকার অত্যাচার চালাচ্ছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জুলুমবাজ সরকার এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ। সীমান্তে প্রতিনিয়ত মানুষকে হত্যা করা হচ্ছে। সরকার একদিকে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে খুনিদের ক্ষমা করে দিচ্ছে। তিনি বলেন, সরকার জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিচ্ছে।আজ সোমবার দুপুরে ঢাকা থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাস চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার দিনের পর দিন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। বিএনপির নেতা মির্জা ফখরুল আরও বলেন, সরকার তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মিথ্যা মামলায় জড়িয়ে জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই তিনি দেশ রক্ষার জন্য বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দল-মত নির্বিশেষে সবাইকে সরকারের সব জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।পথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির তিন যুগ্ম মহাসচিব সাংসদ বরকত উল্যাহ, মোহাম্মদ শাহজাহান, মাহবুব উদ্দিন ও নাজিম উদ্দিন।