জুড়ী ও বড়লেখার ১৮ হাজার গ্রাহক দুর্ভোগে
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার প্রায় ১৮ হাজার গ্রাহক বিদ্যুতের লো-ভোল্টেজ এবং লুকোচুরির কষ্টে নাকাল হয়ে পড়েছেন। বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা বলছেন, সঞ্চালন (ফিডার) লাইনটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ সমস্যা ঘটছে। লাইনটি নতুন করে স্থাপনসহ পৃথক একটি উপকেন্দ্র করলে গ্রাহকদের ভোগান্তি ঘুচে যাবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, কুলাউড়া ৩৩ কিলোভোল্ট সরবরাহ উপকেন্দ্র থেকে চারটি সঞ্চালন লাইনের মাধ্যমে কুলাউড়াসহ পাশের জুড়ী ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে কুলাউড়া-জুড়ী-বড়লেখা ৪৬ কিলোমিটার দীর্ঘ তিন ফেইজের ফিডার লাইন দিয়ে জুড়ী ও বড়লেখার গ্রাহকেরা বিদ্যুৎ পান। জুড়ীতে পিডিবির প্রায় ছয় ও বড়লেখায় আরইবির (পল্লী বিদ্যুৎ সমিতি) প্রায় ১২ হাজার গ্রাহক আছেন।সূত্র জানায়, কুলাউড়া-জুড়ী-বড়লেখা ফিডার লাইন দিয়ে প্রতিদিন পিক আওয়ারে (বিকেল পাঁচটা-রাত ১১টা) নয় এবং অফপিকে (রাত ১২টা- পরদিন বিকেল চারটা) ছয় মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন হয়। ওই লাইনটির ধারণক্ষমতা নষ্ট হয়ে গেছে। এতে লো-ভোল্টেজ দেখা দেয়। এ ছাড়া বর্ষা মৌসুমে হালকা ঝোড়োবাতাসে লাইনটি প্রায়ই ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রাহকেরা জানান, লো-ভোল্টেজের পাশাপাশি দিন-রাতে কমপক্ষে ১০-১২ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। পিডিবির কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, ‘কুলাউড়া-জুড়ী-বড়লেখা ফিডার লাইনটি মেয়াদোত্তীর্ণ। লোড ক্যাপাসিটি (ধারণক্ষমতা) স্বাভাবিকভাবেই কমে গেছে। ঝোড়োবাতাসে লাইনটি ছিঁড়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে মেরামত করতে হয়। গ্রাহকদের বকাঝকা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি।’তিনি বলেন, ফিডার লাইনটি নতুন করে স্থাপনসহ জুড়ী ও বড়লেখার গ্রাহকদের ভোগান্তি লাঘবে জুড়ীতে একটি ৩৩ কিলোভোল্ট উপকেন্দ্র নির্মাণ জরুরি হয়ে পড়েছে। পিডিবির কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের জানান, কুলাউড়া-জুড়ী-বড়লেখা সঞ্চালন লাইন পুনর্স্থাপনসহ জুড়ীতে একটি উপকেন্দ্র নির্মাণের প্রস্তাব বছর দুয়েক আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।পিডিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের পাঠানো বিভিন্ন প্রস্তাবের ওপর ভিত্তি করে সরকার প্রকল্পের মাধ্যমে কাজ করায়। সম্প্রতি সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন ও আমব্রেলা নামে দুটি প্রকল্প সরকার অনুমোদন করেছে। ওই দুটি প্রকল্পে কুলাউড়া-জুড়ী-বড়লেখা ফিডার লাইন স্থাপন ও উপকেন্দ্র নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত আছে কি না, বলতে পারছি না। তবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কাছ থেকে চিঠি পেলে জানতে পারব।’