জুড়ীতে অতিথি পাখি নিধনের অভিযোগে মামলা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে অতিথি পাখি নিধনের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা গাজী গোলাম মোস্তফা বাদী হয়ে গতকাল মঙ্গলবার জুড়ী থানায় এ মামলা করেন।নাম উল্লেখ করা ছয়জন হলেন জুড়ী সদরের জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের আজাদ মিয়া (২২), সাজিদ আলী (২৫), বেলাগাঁওয়ের লিয়াকত আলী (২৪), দুলু মিয়া (২৫), মজনু মিয়া (২৩) ও আবদুস সাত্তার (২৬)।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গত রোববার বিকেলে হাকালুকির গৌড়কুড়ি বিলের পূর্ব অংশে বিষটোপ দিয়ে লেনজা হাঁস, চকাচকি, ভুঁতি হাঁস, পাতি সরালিসহ পাঁচ শতাধিক অতিথি পাখি নিধন করে। এর মধ্যে কিছু পাখি তারা জবাই করে চটের বস্তায় ভরে নিয়ে যায়।সূত্র জানায়, এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তা গাজী গোলাম মোস্তফা বাদী হয়ে ১৯৭৪ সালের (সংশোধিত) বন্য প্রাণী সংরক্ষণ আইনের ২৬(১)-এর (ক) ও (খ) আইনে একটি মামলা করেন।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উল্লেখ্য, বিষটোপ দিয়ে পাখি নিধনের বিষয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোর তৃতীয় পাতায় ‘এ কী নির্মমতা!’ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।