জুড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গতকাল শুক্রবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে ছয়জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের কয়েকটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের দুজন সহযোগী পালিয়ে যায়। পরে এ চারজনকে বড়লেখা উপজেলার শালদিঘা গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়লেখা উপজেলার হাসিমপুর গ্রামের কাদির আহমদ (২৮) ও সৎপুরের জসিম আহমদ (৩৫) এবং জুড়ী উপজেলার কালিনগরের খালিক মিয়া (৩৫) ও ইউসুফনগরের মো. কবির (৩০)।মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে আজ সকালে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।