জুড়ীতে ভর মৌসুমে কমলাগাছে মড়ক
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় কমলাগাছে মড়ক দেখা দিয়েছে। এ সময়টা কমলার ভর মৌসুম। অথচ গাছের পাতা ও ফল শুকিয়ে ঝরে যাচ্ছে। এতে চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সমপ্রতি গোয়ালবাড়ী এলাকার কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, ফাঁকে ফাঁকে কিছু গাছের পাতা ও ফল শুকিয়ে নিচে ঝরে গেছে।গোয়ালবাড়ীর হায়াছড়া গ্রামের ইব্রাহীম আলী (৪৫) জানান, তাঁর পাঁচ একরের বাগানের প্রায় ৪০০ গাছে ফল ধরে। এর মধ্যে ৫০-৬০টি গাছে মড়ক লেগেছে। অন্য গাছেও তা সংক্রমিত হয়ে পড়ছে। তিনি গত বছর (২০০৯) প্রায় চার লাখ টাকার কমলা বিক্রি করেন। তিনি বলেন, ‘মাস খানেক ধরি ই সমস্যাটা দেখা দিছে। প্রথমে গাছর পাতা আর ফল হলুদ অয়। পরে শুকাইয়া ঝরি পড়ি যায়। বুঝতাম পারিয়ার না রোগটা কিতা।’পাশের শুকনাছড়ার আবদুল গফুর, আবদুর রহমান, কচুরগুলের ফিরোজ আলীসহ আরও কয়েকজনের বাগানেও একই সমস্যা দেখা দিয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, ফুলতলা, পশ্চিম জুড়ী ও সদর জায়ফরনগর ইউনিয়নের ৮২ হেক্টর টিলাভূমিতে কমলার চাষ হয়। এসব এলাকায় ছোট-বড় প্রায় ৪০০ কমলা বাগান আছে। সেখানে গাছের সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে গোয়ালবাড়ীতেই ৩০০টির মতো বাগান আছে। অক্টোবর-নভেম্বর ফলনের ভর মৌসুম।সূত্র জানায়, ২০০১ সালে কৃষি বিভাগের উদ্যোগে বৃহত্তর সিলেটে সমন্বিত কমলা ও আনারস চাষ উন্নয়ন প্রকল্প চালু হয়। ২০০৮ সালের জুনে ওই প্রকল্পের মেয়াদ সম্পন্ন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা সিলেটের জৈন্তাপুরে অবস্থিত সাইট্রাস (লেবু-জাতীয় ফল) গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের জানিয়েছি। তাঁরা বলেছেন, এক ধরনের ছত্রাকের সংক্রমণে মড়কটি দেখা দিতে পারে। তাই তাঁরা ছত্রাকনাশক হিসেবে এক গ্রাম বেভিস্টিন, এক গ্রাম রিডোমিল ও দুই মিলিমিটার টিল্ট জাতের ওষুধ পৃথকভাবে এক লিটার পানিতে মিশিয়ে কমলাগাছের গোড়া থেকে আগা পর্যন্ত ছিটিয়ে ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। স্থানীয় কমলাচাষিদের সেটা আমরা জানিয়ে দিয়েছি।’বৃহত্তর সিলেটে সমন্বিত কমলা ও আনারস উন্নয়ন প্রকল্পের মৌলভীবাজার কার্যালয়ে তৎকালীন উদ্যান উন্নয়ন কর্মকর্তা ও কমলা বিশেষজ্ঞ আনোয়ার হোসেন (বর্তমানে অবসরপ্রাপ্ত) মুঠোফোনে প্রথম আলোকে জানান, সিলেটের পাহাড়ি এলাকার মাটি থেকে জৈব পদার্থ দিন দিন ক্ষয়ে যাচ্ছে। কমলাগাছের শেকড় মাটির বেশি গভীরে পৌঁছাতে পারে না। এ কারণে গাছের গোড়ায় নিয়মিত গোবর সার ব্যবহার করা উচিত। এটি দীর্ঘ সময় পানি ধারণ করে রাখতে পারে।