জুড়ীতে সংরক্ষিত বন ‘অরক্ষিত’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বন এলাকায় বনদস্যুদের তৎপরতা বেড়ে গেছে। অবাধে গাছ কেটে পাচার করা হচ্ছে। এ অবস্থায় সংরক্ষিত বন ‘অরক্ষিত’ হয়ে পড়েছে। এ ছাড়া গাছ পাচারে বনদস্যুদের পাশাপাশি কিছু বন জায়গিরদারের (ফরেস্ট ভিলেজার) সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।বন বিভাগ ও বিডিআর সূত্রে জানা গেছে, ১৭ মার্চ বনদস্যুরা রেঞ্জের লাঠিটিলা বিটের শুকনাছড়া সংরক্ষিত বন থেকে কিছু গাছ কেটে পাচার করছিল। খবর পেয়ে ওই দিন ভোরে বিডিআর ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬০ ঘনফুটের সেগুনগাছের ১৭টি টুকরা উদ্ধার করে। এ ছাড়া ১৫ মার্চ রাতে ওই এলাকা থেকে একটি পিকআপ ভ্যানযোগে পাচারকালে বিডিআরের সদস্যরা আট ঘনফুটের সেগুনগাছের ছয়টি টুকরা উদ্ধার করেন। তবে চালক ও বনদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। একই সূত্র জানায়, ৬ মার্চ রেঞ্জের রাঘনা বিটের কদমছড়া সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কেটে হাতি দিয়ে টেনে পাচারকালে বনপ্রহরীরা মাহুত আমির আলীসহ (৩২) একটি পোষা হাতি আটক এবং একটি বনাক গাছ উদ্ধার করেন। ১১ ফেব্রুয়ারি রাঘনার দোগঙ্গা সংরক্ষিত বনে অবাধে গাছ কেটে পাচারকালে বনদস্যুদের সঙ্গে বনপ্রহরীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে বনপ্রহরীরা সেখান থেকে বাচ্চাসহ একটি পোষা হাতি আটক এবং একটি চাপালিশ গাছ উদ্ধার করেন।বিডিআরের ৩৮ ব্যাটালিয়নের জুড়ী কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আবদুল করিম জানান, ১৭ মার্চের ঘটনায় বিডিআরের পক্ষ থেকে শুকনাছড়ার আজমল আলীসহ (৩৫) অজ্ঞাতনামা আরও তিন-চারজন বন জায়গিরদারকে আসামি করে একটি মামলা করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে শুকনাছড়ার চার-পাঁচজন বন জায়গিরদার স্বীকার করেন, এলাকার বেশ কিছু বন জায়গিরদার বনদস্যুদের সঙ্গে আঁতাত করে সংরক্ষিত বনের কাঠ পাচার করছেন। এসব বন জায়গিরদারদের সঙ্গে বনদস্যুদের যোগাযোগ থাকায় তাঁদের অন্য জায়গিরদারেরা ভয় পান। নাম প্রকাশ না করার শর্তে জুড়ী-১ রেঞ্জের এক কর্মকর্তা জানান, ঘন ঘন গাছ পাচারের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। এ অবস্থায় সংরক্ষিত বন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার বিষয়টি স্বীকার করে বলেন, ‘খবর পেলেই বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। কাঠ উদ্ধার করছেন। আর বন জায়গিরদারদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘বনদস্যুদের অনেকের বিরুদ্ধে বন আইনে সাত-আটটি মামলা আছে। কিন্তু আইনের দুর্বলতার কারণে তাদের কঠিন সাজা ভোগের সুযোগ নেই। সহজেই তারা জামিনে ছাড়া পেয়ে যায়। এ ছাড়া স্থানীয় রেঞ্জ ও বিট কার্যালয়গুলোতে লোকবল সংকট রয়েছে।’