জুড়ীর সংরক্ষিত বনের ৫০ একর জায়গার গাছ পুড়ে গেছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের সীমান্তবর্তী রাঘনা সংরক্ষিত বনে গতকাল বৃহস্পতিবার আগুন লেগে প্রায় ৫০ একর জায়গার বাঁশ ও গাছগাছালি পুড়ে গেছে। কুলাউড়া ফায়ার ব্রিগেডের কর্মীরা গতকাল রাতে রাঘনা বিট কার্যালয়ে গেলেও যোগাযোগের ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বন বিভাগের কর্মীরা স্থানীয় লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় ও রাঘনা বিট কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী রাঘনা সংরক্ষিত বনের ভেতরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। দমকা বাতাসে আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। রাঘনা বিট কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় সাত কিলোমিটার।রাঘনা বিট কার্যালয়ের বনপ্রহরী আমিনুল ইসলাম ও মিজানুর রহমান জানান, রাঘনায় তিন হাজার ৭০০ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। ঘটনাস্থলে বেশ কিছু নতুন গজানো মুলিজাতের বাঁশ ও বনজ গাছগাছালি ছিল। কুলাউড়া ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তাঁদের একদল কর্মী গতকাল রাত ১০টার দিকে বিট কার্যালয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না। ফলে তাঁরা সেখানে যেতে পারেননি। এ ছাড়া কাছাকাছি কোনো জলাধারেরও ব্যবস্থা ছিল না।জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার জানান, আজ ভোরে পার্শ্ববর্তী ফুলতলা চা-বাগানের দুই-আড়াই শ শ্রমিককে নিয়ে তাঁরা ঘটনাস্থলের কাছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। তাঁরা সেখানকার চারপাশে পাহাড়ে ফাঁড়ি কেটে (প্রায় ১০ ফুট জায়গা পরিষ্কার) দেন। বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তিনি জানান, আগুনে প্রায় ৫০ একর জায়গার বাঁশ ও বিভিন্ন জাতের গাছগাছালি পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। আবদুস সাত্তার আরও বলেন, রাঘনা সংরক্ষিত বনের অদূরে কুলাউড়া রেঞ্জের বেগুনছড়া বাঁশমহালে ইজারাদারের লোকজন বাঁশ কাটছেন। সেখানে নিয়োজিত শ্রমিকেরা রাঘনার ভেতর দিয়ে ওই মহালে যাতায়াত করে। এ ছাড়া কিছু দুর্বৃত্ত বাঁশ কেটে পাচার করে। এ রকম কারও ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।