জুড়ীর সেই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে (১৪) নির্যাতনের অভিযোগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিবুর রহমানকে (৪০) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ জুলাইয়ের মধ্যে ওই শিক্ষককে এর জবাব দিতে বলা হয়েছে।গত সোমবার ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কারণ দর্শানোর এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই ছাত্রী সাগরনাল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে।গত ২৩ জুন সকাল সাড়ে নয়টার দিকে ওই ছাত্রীসহ কয়েকজন সহপাঠী শ্রেণীকক্ষে দাঁড়িয়ে গল্পগুজব করছিল। একপর্যায়ে শিক্ষকের জন্য নির্ধারিত চেয়ারে পা তুলে ফেলার অপরাধে সহকারী শিক্ষক মুহিবুর রহমান ছাত্রীটিকে বেধড়ক পিটুনি দেন। সহপাঠীরা অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে পৌঁছে দেয়। পরে ছাত্রীটিকে উপজেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন চিকিত্সার পর ওই ছাত্রীকে বাড়িতে নেওয়া হয়। ওই ছাত্রীর স্বজনেরা ওই দিনই ঘটনাটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে মৌখিকভাবে জানান।আরও জানা গেছে, এ ব্যাপারে ২৫ জুন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা সভায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।আজ বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ইসলাম নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ওই শিক্ষকের কাছ থেকে নোটিশের জবাব এখনো পাওয়া যায়নি।উল্লেখ্য, ২৪ জুন প্রথম আলোর বিশাল বাংলায় ‘জুড়ীতে শিক্ষকের পিটুনি, ছাত্রী হাসপাতালে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।