জুয়াড়িদের গ্রেপ্তারের প্রতিবাদে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায় জুয়ার আসর বন্ধ করে দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায় এবং প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সন্ত্রাসীরা চারটি গাড়ি ভাঙচুর করে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর (৩৫), কাউছার (২৫) ও বাদশাহ (২৬)।জানা যায়, আজ সকাল থেকে বান্টি এলাকায় মেলার নামে জুয়ার আসর বসানো হয়। খবর পেয়ে পুলিশ জুয়ার আসর বন্ধ করে দেয় এবং তিনজনকে গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসীরা পুলিশের গাড়িতে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আড়াইহাজার থানা পুলিশের গাড়িচালক কনস্টেবল শামীম (৪০) আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’