জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, আটক ৩
ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার সময় কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে লালমনিরহাট জেলা শহরের স্বর্ণকারপট্টিতে যুবলীগ-ছাত্রলীগের কর্মীদের সঙ্গে জুয়েলারি ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে আহত হন অন্তত ১০ জন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ কর্মীরা চারটি দোকান ও একটি বাসভবন ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুবর্ণা জুয়েলার্সের ব্যবস্থাপক রমাকান্ত (৪০), মনিহার জুয়েলার্সের উজ্জ্বল (২৪), জয় দুর্গা জুয়েলার্সের শর্মা (২০) এবং যুবলীগের কর্মী মোহন (১৮) ও মানিক (২৫)।আহত ব্যক্তিদের লালমনিরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা থানা রোডে অবস্থিত সুবর্ণা জুয়েলার্সের ব্যবস্থাপক রমাকান্ত আজ রোববার বেলা ১১টায় ডিপিএসের টাকা জমা দেওয়ার জন্য স্থানীয় উত্তরা ব্যাংকে যান। সেখানে লাইনে দাঁড়ানো নিয়ে যুবলীগের কর্মী মানিকের সঙ্গে রমাকান্তের কথাকাটাকাটি হয় এবং রমাকান্ত টাকা জমা দিয়ে জুয়েলারি দোকানে ফিরে আসে।এ ঘটনার সূত্র ধরে দুপুর সাড়ে ১২টায় মানিকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে স্বর্ণকারপট্টিতে আসেন। তাঁরা সুবর্ণা জুয়েলার্সে প্রবেশ করে রমাকান্তকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে মারধর করেন। এ সময় জুয়েলারি ব্যবসায়ী ও কর্মচারী এবং অন্য ব্যবসায়ীরা একসঙ্গে ঘটনা প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের খবর মুহূর্তের মধ্যে পুরো শহরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে থানা রোড স্বর্ণকারপট্টি থেকে গোশালা বাজার পাটোয়ারী মার্কেট পর্যন্ত নিয়ন্ত্রণ নেন যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা।খবর পেয়ে ব্যাপকসংখ্যক পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও ব্যবসায়ী নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নির্দেশে পুলিশ হামলাকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।ঘটনার জন্য স্বর্ণ ব্যবসায়ী ও ছাত্রলীগ-যুবলীগের নেতারা এক অপরের উসকানিমূলক আচরণ ও বক্তব্যকে দায়ী করেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।