জে. ম্যাকক্রিস্টাল মার্কিন সেনাবাহিনী থেকে পদত্যাগ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল জানিয়েছেন, তিনি মার্কিন সেনাবহিনী থেকে পদত্যাগের চিন্তাভাবনা করছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও ন্যাটো সেনাদের শীর্ষ কমান্ডারের পদ থেকে অপসারণ করেন। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানায়।রোলিং স্টোন সাময়িকীর জন্য লেখা এক নিবন্ধে ম্যাকক্রিস্টাল (৫৫), তাঁর সহকারীরা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবং ওবামা প্রশাসনের শীর্ষস্থানীয় বেসামরিক উপদেষ্টাদের সম্পর্কে মর্যাদা হানিকর মন্তব্য করায় হোয়াইট হাউস বেশ ক্রুদ্ধ হয়। এরপর থেকেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল, ম্যাকক্রিস্টাল পদত্যাগ করবেন। গত বুধবার তাঁকে আফগানিস্তানের শীর্ষ জেনারেলের পদ থেকে বরখাস্ত করা হয়।ওবামা বলেন, যুদ্ধাভিযানে ঐক্য রক্ষা করার জন্য ম্যাকক্রিস্টালকে অপসারণ করার প্রয়োজন ছিল।যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘ম্যাকক্রিস্টাল আজ সেনাবাহিনীকে জানিয়েছেন, তিনি পদত্যাগ করতে চান।’ মুখপাত্রটিকে তিনি আরও বলেন, যেহেতু ম্যাকক্রিস্টাল এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র জমা দেননি, তাই তাঁর পদত্যাগ কখন থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ওবামা ম্যাকক্রিস্টালের ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল ডেভিড পেট্রায়ুসকে আফগানিস্তানের শীর্ষ কমান্ডার হিসেবে নিয়োগের জন্য বাছাই করেছেন। যুক্তরাষ্ট্রের সিনেটে আজ মঙ্গলবার পেট্রায়ুসের এ নিয়োগের ওপর শুনানি হওয়ার কথা। — রয়টার্স