১০ ট্রাক অস্ত্র আটক মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিকে গতকাল মঙ্গলবার আদালতে জেরা করেছেন আসামি রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবীরা।চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান জেরা গ্রহণ করেন। ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারের আইনজীবী মো. আহসান ও কামরুল ইসলাম গতকাল দিনভর সাক্ষী জেনারেল সাদিক হাসানকে জেরা করেন। গতকাল শেষ না হওয়ায় আজ (বুধবার) আবার একই সাক্ষীকে জেরা করা হবে।গতকালের জেরায় সাদিক হাসান রুমির সেনাবাহিনীতে যোগদান, ডিজিএফআইয়ের কার্যক্রম, সংস্থার মহাপরিচালক থাকাকালে বিভিন্ন ঘটনা, ১০ ট্রাক অস্ত্র আটকের দিনের ঘটনা, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার চেয়ারম্যান রাজখোয়া ও সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার বিষয়ে জানতে চান আসামিপক্ষের আইনজীবীরা।জেরায় রেজ্জাকুলের আইনজীবী প্রশ্ন করেন, অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন ঘটনার আগে তৎকালীন সেনাপ্রধান, ডিজিএফআইয়ের প্রধান ও উলফা নেতা পরেশ বড়ুয়া সেফ হোমে সভায় মিলিত হয়েছিলেন। এটা ঠিক কি না? জবাবে জেনারেল সাদিক হাসান বলেন, ‘এ কথা সত্য নয়।’সাদিক হাসান বলেন, ‘২০০২ সাল থেকে ২০০৭ সালের মে মাস পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে কর্মরত ছিলাম। মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় একবার বিদেশ সফরে যাই। সে সময় ডিজিএফআইয়ের পরিচালক (সিআইবি) ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (পরে মেজর জেনারেল হন) রেজ্জাকুল হায়দার চৌধুরী। আমার অনুপস্থিতিতে কুর্মিটোলা গলফ ক্লাবসংক্রান্ত একটি আর্থিক দুর্নীতি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেন রেজ্জাকুল হায়দার।’ প্রতিবেদনের বিষয়ে জানলেও তা জমা দেওয়ার বিষয়টি পরে শুনেছিলেন বলে জানান তিনি।মইন উ আহমেদকে জড়িয়ে দেওয়া ওই প্রতিবেদনের কারণে রেজ্জাকুলের প্রতি মনোক্ষুণ্ন ছিলেন কি না, আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাদিক হাসান বলেন, ‘এটা ঠিক নয়।’ এর আগের প্রশ্নের জবাবে সাদিক হাসান বলেন, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ ও তিনি সেনাবাহিনীতে ‘কোর্সমেট’ ছিলেন।২০০৪ সালের ২৯ থেকে ৩১ মার্চের মধ্যে কোনো একদিন পাকিস্তানি নাগরিক জনৈক আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন কি না, আসামিপক্ষের এই প্রশ্নের জবাবে সাদিক হাসান বলেন, ‘মনে পড়ছে না।’ঘটনার দিন কর্ণফুলী থানা-পুলিশের ভাড়া করা তিনটি ট্রাকসহ মোট ১০টি ট্রাকে করে আলামত (অস্ত্র) দামপাড়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এ কথা উল্লেখ করে আসামির আইনজীবী প্রশ্ন করেন, প্রতিটি ট্রাকে এক-তৃতীয়াংশ আলামত ছাড়া বাকি অংশে চাল ও লবণ ছিল। এ বিষয়টি জানতেন কি না। জবাবে ডিজিএফআইয়ের তৎকালীন মহাসচিব সাদিক হাসান বলেন, ‘আমি জানি না।’গত ১৫ মার্চ আদালতে সাক্ষ্যদানের সময় সাদিক হাসান বলেছিলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের বিষয়ে তদন্ত কমিটিতে ডিজিএফআইয়ের প্রতিনিধি হিসেবে রেজ্জাকুল হায়দার চৌধুরীকে রাখতে চাপ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ প্রসঙ্গ টেনে আসামিপক্ষের আইনজীবী জানতে চান, সে সময়ের ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে ওই কমিটির দেওয়া প্রতিবেদনটি কোনোভাবে সংগ্রহ বা পড়েছিলেন কি না। সাদিক হাসানের জবাব ছিল, ‘না।’২০০৪ সালে পরেশ বড়ুয়াকে কেন গ্রেপ্তার করতে চেয়েছিলেন, রেজ্জাকুলের আইনজীবীর এই প্রশ্নের জবাবে ডিজিএফআইয়ের সাবেক এই মহাপরিচালক বলেন, ‘নির্দেশ ছিল দেশে কোনো সন্ত্রাসী গ্রুপ থাকবে না। তাই তাঁকে ধরতে চেয়েছিলাম।’আরেক প্রশ্নের জবাবে সাদিক হাসান বলেন, ‘তখন উলফা নেতা রাজখোয়াকে বাংলাদেশের সীমানায় পুলিশ বা ডিজিএফআই গ্রেপ্তার করেছিল কি না, তা জানি না।’এক-এগারোর (২০০৭-০৮) সরকারের সময়ে দেশে ডিজিএফআইয়ের কার্যক্রম বিতর্কিত হয়েছিল জেরায় স্বীকার করেন সাদিক হাসান। তিনি বলেন, ‘প্রথম চার মাস আমি দায়িত্বে থাকাকালে ভালোভাবেই কার্যক্রম পরিচালিত হয়েছিল। আমি বদলি হওয়ার পর বিতর্কিত হয়।’গতকাল সাক্ষ্য গ্রহণের আগে রেজ্জাকুল হায়দার, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ এই মামলায় গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। সম্পূরক অভিযোগপত্রভুক্ত অন্য দুই আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন ও উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া পলাতক আছেন।২০০৪ সালের ২ এপ্রিলের প্রথম প্রহরে বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ।