জেএফকে বিমানবন্দরে তল্লাশির নামে বাংলাদেশির ডলার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তল্লাশির নামে বাংলাদেশি এক বিমান যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার ডলার চুরি করেছেন বিমানবন্দরের কর্তব্যরত নিরাপত্তাকর্মী। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।প্রাথমিক তদন্তের পরে নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রা ফ্লিডকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, বিমানে ওঠার আগে নিরাপত্তাকর্মীরা তাঁর নিয়মিত তল্লাশি শুরু করেন। এ সময় তাঁর পরনের জ্যাকেট খোলা হয়। পরে সেটি এক্স-রে তল্লাশির জন্য পাঠানো হয়। তল্লাশির পরে ওই যাত্রী জ্যাকেটটি পরেন। কিন্তু তিনি দেখেন তাঁর পকেটে রাখা পাঁচ হাজার মার্কিন ডলার নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি বিমানবন্দরের নিরাপত্তা বিভাগকে জানান। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ক্লোজ সার্কিট ক্যামেরায় পুরো বিষয়টি তল্লাশি করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায়, এক্স-রে মেশিনে যাত্রীর জ্যাকেটে রাখা ডলার ধরা পড়ে। নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রাকে সঙ্গে সঙ্গে কিছু একটা নিয়ে বাথরুমের দিকে যেতে দেখা যায়। ডলার উদ্ধার না হলেও এ থেকেই নিরাপত্তাকর্মীরা নিশ্চিত হয়েছেন যে আলেকজান্দ্রাই সেটি সরিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি বাথরুমেই ওই ডলার কারও কাছে হস্তান্তর করেছেন। এ নিয়ে তদন্ত চলছে জোরেশোরে। জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষের মুখপাত্র আল ডেলা ফেইভ জানান, নিরাপত্তাকর্মী আলেকজান্দ্রাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।