জেএমবি জঙ্গির ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক জঙ্গির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা পাওয়া আসামির নাম আবদুর রহিম। একই সঙ্গে আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী আজ বুধবার সকালে এ রায় ঘোষণা করেন। এ ছাড়া এ মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। সিরিজ বোমা হামলার অপর একটি মামলায় তাঁরা সাজাপ্রাপ্ত হওয়ায় এ মামলা থেকে তাঁদের খালাস দেওয়া হয়। তাঁরা হলেন জেএমবির ক্যাডার শফিউল্লাহ, তরিকুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আরিফ। রায় ঘোষণার সময় আসামিদের সবাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট নগরের নওদাপাড়া এলাকায় বোমা হামলার ঘটনায় শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে ওই দিন জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলামসহ (বাংলা ভাই) আটজনের নামে একটি মামলা দায়ের করেন। এ মামলায় শাহমখদুম থানার এসআই আমিনুল ইসলাম ২০০৬ সালের ১০ মে সাতজনের বিরুদ্ধে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের আগেই ফাঁসি হয়ে যাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়।