জেএমবি সদস্য সন্দেহে পাঁচজন আটক
জামালপুরের সরিষাবাড়ী থেকে গতকাল শুক্রবার গভীর রাতে জেএমবির সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন উপজেলা (উত্তর) জামায়াতের সভাপতি আখতারুজ্জামান (২৩), সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (২৩), ছাত্র মজনু মিয়া (১৯), মির্জা গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুজন মিয়া (১৪) ও সরিষাবাড়ী আরামনগর কামিল মাদ্রাসার ছাত্র রবিউল ইসলাম।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান আজ শনিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের কাছ থেকে জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে। ওসির দাবি, তাঁরা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তবে ওসির এমন দাবি প্রত্যাখ্যান করেছেন উপজেলা জামায়াতের আমির নুরুল হক জামালি। তিনি বলেন, তাঁরা জেএমবির সদস্য নন।