জেএমবিতে গুপ্তহত্যা
নেতাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, ক্ষেত্রবিশেষে ‘বিশ্বাসঘাতকতা’ এবং তহবিল তছরুপের মতো অভিযোগে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অভ্যন্তরে গুপ্তহত্যা শুরু হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, ২০০৮ সাল থেকে এই চরম পন্থা বেছে নিয়েছে সংগঠনটির নেতৃত্ব। এ সময়ের মধ্যে বিশ্বাসঘাতক বা চর আখ্যায়িত করে ‘মৃত্যুদণ্ড’ তথা গুপ্তহত্যার শিকার হয়েছেন অন্তত চারজন জঙ্গি। সর্বশেষ রাজধানীর উত্তরায় খুন করা হয়েছে রাশিদুল ইসলামকে (২৯)। গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য আত্মরক্ষায় পালিয়েও বেড়াচ্ছেন। প্রথম আলোর অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।সাংগঠনিক সিদ্ধান্তে খুন হওয়া রাশিদুল ইসলাম জেএমবির শুরা সদস্য। একই সঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠনটির ঢাকা বিভাগের দায়িত্বে ছিলেন। তাঁর সাংগঠনিক নাম মাহমুদ ওরফে আসাদ। এই আসাদকে দীর্ঘদিন ধরে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গত কয়েক বছরে গ্রেপ্তার হওয়া জেএমবির একাধিক শুরা সদস্যসহ অন্যান্য জঙ্গিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ‘বিশ্বাসঘাতক’ চিহ্নিত করে সাংগঠনিক সিদ্ধান্তে রাশিদুল ওরফে আসাদের ঘনিষ্ঠ সহচর ও জেএমবির গাজীপুর জেলা শাখার কমান্ডার মোহাম্মদ সাদ ২০০৮ সালে গুপ্তহত্যার শিকার হন। এর পর থেকে সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাশিদুলের মতবিরোধ চরমে পৌঁছায়। একপর্যায়ে তিনি আরও কিছু অনুসারীসহ দল থেকে বেরিয়ে আসেন। এরই জের ধরে ১ ফেব্রুয়ারি সকালে উত্তরায় খুন হন ৩২ বছরের সাজাপ্রাপ্ত জঙ্গি রাশিদুল ওরফে আসাদ।জেএমবির একাধিক শুরা সদস্যের কাছ থেকে উদ্ধার করা কাগজপত্র ঘেঁটে জানা যায়, ২০০৬ সালের শেষ দিকে জেএমবির নতুন শুরা কমিটি হয়। তাতে নতুন আমির মাওলানা সাইদুর রহমান ও সংগঠনের সামরিক শাখার তত্কালীন প্রধান সোহেল ওরফে মাহফুজের পরের অবস্থানেই ছিলেন রাশিদুল ওরফে আসাদ।রাশিদুল হত্যার ঘটনাটি উত্তরা থানার পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) তদন্ত করছে। ডিবির উপকমিশনার (উত্তর) মাইনুল হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার পারিপার্শ্বিকতায় প্রতীয়মান হচ্ছে, দলছুট হওয়ার কারণে এ খুনের ঘটনা ঘটেছে। তবে এর বাইরে অন্য কারণও থাকতে পারে। তিনি জানান, হত্যাকারী হিসেবে সন্দেহ করে নিহতের স্ত্রী আল-আমিন, নাদিম ও আকাশ নামে যে তিন জঙ্গির কথা বলেছেন, তাদের প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে।অনুসন্ধানে জানা যায়, আল-আমিনের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। গত বছরের ফেব্রুয়ারিতে টঙ্গীতে জঙ্গি মামুনের সঙ্গে আল-আমীনের স্ত্রী, মা ও বোন গ্রেপ্তার হন।ডিবির উপকমিশনার (উত্তর) বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত রাশিদুলের দুই বন্ধু মিজান ও জামালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জামাল ও মিজান জেএমবির দলছুট সদস্য।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০০৭ সালের শেষ দিকে শুরা কমিটির সভায় তাদের ভাষায় ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিতকরণ ও হত্যার সিদ্ধান্ত নেয় জেএমবি। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে জেএমবিতে সৃষ্ট মতবিরোধের জের ধরে জেএমবির একাংশ সংগঠন থেকে বেরিয়ে চাঁপাইনবাবগঞ্জের আবদুর রহিমের নেতৃত্বে ‘ইসলাম ও মুসলিম’ নামে নতুন দল গঠন করে। অবশ্য পুলিশের বিশেষ শাখার (এসবি) জঙ্গি দমনসংক্রান্ত গোয়েন্দা দল গত বছরের জুনে ‘ইসলাম ও মুসলিমের’ প্রায় সব নেতাকে গ্রেপ্তার করে সংগঠনটিকে অঙ্কুরেই শেষ করে দেয়। তখন আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করে জেএমবির গুপ্তহত্যাসংক্রান্ত অনেক তথ্য জানতে পারেন বলে ওই অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান।একই সূত্র জানায়, জঙ্গি রহিম জানিয়েছেন, জেএমবির সামরিক শাখার বর্তমান প্রধান নাজমুল ওরফে ভাগিনা শহীদ ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়িতে পাকা দালান নির্মাণ করেছেন। তারা এ টাকার উত্স জানতে চায় এবং ভাগিনা শহীদের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ তোলে। এরপর কয়েকজনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাঁদের গুপ্তহত্যার চেষ্টা করে ভাগিনা শহীদ। এ ছাড়া দিনাজপুরের নুরুল্লাহ ও নওগাঁর হিমু নামে দুই জঙ্গিকেও ভাগিনা শহীদ হত্যার হুমকি দিয়েছে বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তখন পুলিশকে জানায়।এর মধ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে জেএমবির আমির সাইদুর রহমানের দ্বিতীয় স্ত্রী নুরুন নাহারের বড় ভাই মোস্তাকিম দিনাজপুরের নবাবগঞ্জে গুপ্তহত্যার শিকার হন। গত নভেম্বরে ঢাকায় নুরুন্নাহার গ্রেপ্তার হওয়ার পর পুলিশি তদন্তে এ তথ্য বেরিয়ে আসে। মোস্তাকিম বিমা কোম্পানিতে চাকরির আড়ালে জেএমবির তহবিল পরিচালনার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।এর আগে ২০০৮ সালের শুরুতে ময়মনসিংহের মুক্তাগাছায় জেএমবির আরেক সদস্য খুন হন। ঘাতকদের দুজনকে জনতা ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশে দেয়।আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমকেও হত্যার পরিকল্পনা এঁটেছিল ভাগিনা শহীদ। তিনি রেজাউলকে টেলিফোনে হুমকিও দেন। বগুড়ায় এক বিয়ের অনুষ্ঠানে ভাগিনা শহীদ অন্য কয়েকজন জঙ্গি নিয়ে গিয়ে রেজাউলকে চিনিয়ে দেন, যা তখনই রেজাউল টের পান। রেজাউল নিজেই গত নভেম্বরে এই প্রতিনিধিকে এ তথ্য জানিয়েছিলেন। বগুড়ার আযিযুল হক কলেজের শিক্ষক রেজাউল করিম প্রতিষ্ঠাকালীন সময়ে অল্প কিছুদিন জেএমবির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি আহলে হাদিস আন্দোলন থেকে বেরিয়ে এসে নতুন সংগঠন করেন।জেএমবির বিষয়ে অনুসন্ধানকারী এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সৌদি আরবপ্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেএমবির জন্য কিছু টাকা আসে। এ টাকার হিসাব ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আবদুল্লাহর (বাড়ি নোয়াখালী) বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ ওঠে। সংগঠন আবদুল্লাহকে হত্যার সিদ্ধান্ত নেওয়ায় তিনি পালিয়ে বেড়াচ্ছেন।সূত্রগুলো বলছে, গুপ্তহত্যার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয় ভাগিনা শহীদের তত্ত্বাবধানে। শহীদ সংগঠনের উত্তরাঞ্চলীয় প্রধান ও সামরিক শাখার কমান্ডার। তাঁকে ধরার জন্য গত এক বছরে দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন এক মেসে অভিযান চালানো হয়েছে।